৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যেকোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
লাউহাটি গ্রামের লেবুর চাহিদা সারা দেশজুড়ে। গ্রামের দরিদ্র যুবক বকুল দীর্ঘদিন ধরে অন্যের জমিতে লেবু চাষের সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে জমানো সামান্য অর্থ দিয়ে নিজের ২০ শতক জমিতে লেবু চাষ শুরু করেন। অকালে ফুল ঝড়ে যাওয়ায় প্রথম বছর প্রত্যাশিত সাফল্য লাভে ব্যর্থ হন। পরবর্তীতে মোবাইলে বিভিন্ন ভিডিও দেখে কীটনাশক ও চাষের পদ্ধতি বিষয়ে ধারণা নেন এবং দক্ষ একজন লোক নিয়োগ দেন। কখন, কীভাবে কাজ করা হবে সেই বিষয়ে কর্মপন্থা ঠিক করেন।

ক. নেকটার কী?

খ. ‘সকল আত্মকর্মসংস্থানকারীই ব্যবসায় উদ্যোক্তা নয়’- ব্যাখ্যা করো।

গ. বকুলের জীবিকার্জনের ব্যবস্থাটি কী? বর্ণনা করো।

ঘ. সফলতা লাভের জন্য বকুলের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করো।

উত্তরঃ

ক. নেকটার (জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি) শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণামূলক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

খ. সকল আত্মকর্মসংস্থানকারী নিজের পাশাপাশি অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে না বলে তাদের ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না। একজন আত্মকর্মসংস্থানকারী কেবল নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে ব্যবসা গঠন করেন। অন্যদিকে, ব্যবসায় উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে অন্যের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেন। তাই সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না।

গ. বকুলের জীবিকার্জনের ব্যবস্থাটি হলো আত্মকর্মসংস্থান।

আত্মকর্মসংস্থান হলো নিজের চিন্তা, দক্ষতা, স্বল্প পুঁজি ও শ্রমকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা। এর মাধ্যমে যে কেউ তার বেকারত্ব দূর করতে পারে। এটি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়।

উদ্দীপকের বকুল দীর্ঘদিন ধরে অন্যের জমিতে লেবু চাষ করে জীবিকা নির্বাহ করতেন। এই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি জমানো সামান্য অর্থ দিয়ে নিজের ২০ শতক জমিতে লেবু চাষ শুরু করেন। তিনি অন্যের অধীনে কাজ না করে নিজের দক্ষতা ও পুঁজি ব্যবহার করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। এখানে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। এই বৈশিষ্ট্যগুলো আত্মকর্মসংস্থানের সঙ্গে মিলে যায়। অতএব, বকুলের জীবিকার্জনের ব্যবস্থাটি হলো আত্মকর্মসংস্থান।

ঘ. সফলতা লাভের জন্য বকুলের গৃহীত পদক্ষেপসমূহ অত্যন্ত যৌক্তিক ও দূরদর্শী ছিল।

ব্যবসায় সফলতা লাভের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং দক্ষ জনবল নিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা সমাধানের জন্য নতুন কৌশল গ্রহণ করেন। তিনি ভবিষ্যতের জন্য নির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করেন। এসব পদক্ষেপ তাকে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করে।

উদ্দীপকের বকুল নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ২০ শতক জমিতে লেবু চাষ শুরু করেন। তিনি প্রথম বছর সফলতা অর্জনে ব্যর্থ হলেও আবার কাজ শুরু করেন। এজন্য তিনি মোবাইলে বিভিন্ন ভিডিও দেখে কীটনাশক ব্যবহার ও চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি কাজে সাহায্যের জন্য একজন দক্ষ লোক নিয়োগ দেন। এছাড়া কখন কীভাবে কাজ করা হবে সেই বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপন্থাও ঠিক করেন।

বকুলের এই পদক্ষেপগুলো ব্যবসায় উদ্যোগের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি মোবাইলে ভিডিও দেখে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। এর মাধ্যমে লেবু চাষের উপযুক্ত পদ্ধতি ও কীটনাশক ব্যবহার সম্পর্কে জানতে পারেন। তিনি আবেগের বশে না গিয়ে দক্ষ কর্মী নিয়োগ দেন, ফলে কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়া নির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণের মাধ্যমে তিনি তার ব্যবসার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করেন। এই ধরনের সুচিন্তিত পদক্ষেপই ভবিষ্যতে তাকে সফলতা এনে দেবে। তাই বলা যায়, বকুলের গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত যুক্তিসংগত ও দূরদর্শী ছিল।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
আয়েশা বেগমের নিজস্ব জমি নেই। গ্রামের এক স্কুলে পিয়নের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন কাজে যাওয়ার পথে স্কুলের দেয়ালে বিভিন্ন কাজের ওপর হাতেকলমে শেখার সুযোগ সম্বলিত একটি পোস্টার দেখেন। স্কুল শিক্ষককে বিষয়টা জানালে তিনিও এ বিষয়ে আয়েশা বেগমকে উৎসাহিত করেন এবং অল্প কিছু টাকা ঋণ হিসেবে দেন। পরবর্তীতে আয়েশা বেগম দেশের সকল উপজেলায়, শাখা আছে এমন একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হন।

ক. বাজার জরিপ কাকে বলে?

খ. পণ্যের চাহিদা কীভাবে নিরূপণ করা হয়? ব্যাখ্যা করো।

গ. আয়েশা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন? বর্ণনা করো।

ঘ. আয়েশা বেগমের মতো মানুষদের কর্মসংস্থানে নিয়োজিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. বাজার জরিপ হলো কোনো নির্দিষ্ট পণ্যের চাহিদা, ক্রেতাদের পছন্দ, আগ্রহ, রুচি প্রভৃতি জানার উপায়।

খ. পণ্যের চাহিদা নিরূপণ করা হয় বাজার জরিপের মাধ্যমে।

বাজার জরিপে ক্রেতা বা গ্রাহকের ওপর সমীক্ষা চালানো হয়। এর মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের দৃষ্টিভঙ্গি, আগ্রহ, ক্রয়ক্ষমতা প্রভৃতি যাচাই করা হয়। এই সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। এভাবে বাজার জরিপের মাধ্যমে পণ্যের চাহিদা নির্ধারণ করা হয়।

গ. আয়েশা বেগম বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। এর প্রধান কাজ হলো গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী-পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া। যেমন: সেলাই, হাঁস-মুরগি পালন, কুটির শিল্প ইত্যাদি।

উদ্দীপকে আয়েশা বেগম একজন গ্রামীণ দুস্থ ও ভূমিহীন নারী। তিনি প্রতিদিন কাজে যাওয়ার পথে স্কুলের দেয়ালে হাতেকলমে শেখার সুযোগ সম্বলিত পোস্টার দেখেন। পরে স্কুল শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করলে তিনি উৎসাহ দেন। এছাড়া শিক্ষকের কাছ থেকে তিনি অল্প পরিমাণ ঋণও পান। পরবর্তীতে দেশের সকল উপজেলায় শাখা আছে এমন একটি প্রতিষ্ঠান থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হন। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ দুস্থ ও ভূমিহীন দরিদ্রদের জন্য এ ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। দেশের সকল জেলা-উপজেলায় এর কার্যক্রম বিস্তৃত। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বিআরডিবি-এর কার্যক্রমের সাথে আয়েশা বেগমকে প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানের মিল রয়েছে। অতএব, আয়েশা বেগম বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ঘ. আয়েশা বেগমের মতো মানুষদের কর্মসংস্থানে নিয়োজিত করার জন্য আত্মকর্মসংস্থানের যথেষ্ট প্রচার, প্রশিক্ষণ প্রদান এবং আর্থিক সহায়তা দেওয়ার মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।

আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এজন্য সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই উদ্যোগ গ্রহণ করা দরকার। বিশেষ করে গ্রামীণ দরিদ্র ও বিত্তহীন মানুষের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা খুবই প্রয়োজন।

উদ্দীপকের আয়েশা বেগম একটি স্কুলে পিয়নের কাজ করতেন। তিনি স্কুলের দেয়ালে লাগানো পোস্টার থেকে বিভিন্ন কাজ শেখার হাতেকলমে সুযোগ সম্পর্কে জানতে পারেন। পরে তিনি এ বিষয়ে স্কুল শিক্ষকের মাধ্যমে উৎসাহিত হন এবং অল্প ঋণ নেন। এরপর তিনি বিআরডিবি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হন।

এক্ষেত্রে নিজের এলাকার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা তৈরি করে তা প্রচার করা জরুরি। এতে আয়েশা বেগমের মতো অন্যরাও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারবে। এছাড়া তাদের জন্য সহজ শর্তে ও জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় মূলধন পেলে তারা ব্যবসা শুরু করতে আগ্রহী হবে। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে তারা কাজে দক্ষ ও আত্মবিশ্বাসী হবে। এসব পদক্ষেপ একসাথে গ্রামীণ দরিদ্র মানুষদের কর্মসংস্থানে যুক্ত করতে সাহায্য করবে। তাই বলা যায়, এসব সহযোগিতা আয়েশা বেগমের মতো মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে অপরিহার্য।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
আরিফ ও শরীফ দুই বন্ধু বিএ পাস করেন। আরিফ শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লার কান্দিরপাড়ে একটি দোকান ভাড়া নেন। তিনি যুবক ও যুবতীদের প্রশিক্ষণ করান ও বিভিন্ন অফিশিয়াল কাজ করেন। পক্ষান্তরে, শরীফের পুঁজি এবং প্রশিক্ষণ না থাকার কারণে কোনো কাজ করেন না, বেকার থাকেন। মাঝে-মাঝে আরিফের দোকানে আসেন। আরিফের উন্নতি দেখেও তিনি কোনো কাজ করার আগ্রহ পোষণ করেন না।

ক. বিআরডিবি এর পূর্ণরূপ লেখো।

খ. ব্যবসায়ের সাফল্য লাভের পূর্বশর্ত কী? ব্যাখ্যা করো।

গ. আরিফ কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন? ব্যাখ্যা করো।

ঘ. আরিফ তার বন্ধু শরীফকে কর্মসংস্থানে কীভাবে উদ্বুদ্ধ করতে পারেন বলে তুমি মনে করো? মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো., রা. বো. ২৫]
রুমা পারভীন ব্যক্তিগত ও পারিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নিয়ে ১৫টি গরু কিনে একটি খামার স্থাপন করেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে কিছুদিনের মধ্যেই তিনি একজন সফল খামারী হয়ে ওঠেন। স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা পদক দেওয়া হয়। তার সাফল্যের ফলে আরও অনেকে খামার প্রতিষ্ঠায় উৎসাহী হয়ে ওঠেন।’

ক. প্রশিক্ষণ কী?

খ. ব্যবসায়ের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা করো।

গ. রুমা পারভীনের খামার প্রতিষ্ঠা কাজটির ধরন কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [দি. বো. ২৫]
জনাব আইমান খাঁন জমিতে ড্রাগন ফলের চাষ করেন। এ কাজে প্রচুর অর্থ খরচ করার পরও সে সফলতা অর্জন করতে পারছে। না। পরবর্তীতে তিনি একটি প্রতিষ্ঠান হতে ড্রাগন চাষের ওপর জ্ঞান অর্জন করেন। তার উৎপাদিত ফল বিক্রয় করেন অভিজাত এলাকায়। জনাব আইমান খাঁন ঐ এলাকায় দুজন দক্ষ ব্যক্তিকে এই কাজে নিয়োগ দেন এবং সফলতা অর্জন করেন।

ক. আত্মকর্মসংস্থান কী?

খ. কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা দাও।

গ. উদ্দীপকের জনাব আইমান খাঁন দক্ষতা বৃদ্ধির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছেন? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকের জনাব আইমান খাঁনের সফলতার কারণ আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [কু. বো. ২৫]
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে জনাব সাজেদা গবাদিপশু পালনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি একটি দুগ্ধ খামার শুরু করেন। তাঁর খামারে তিনি আরও দুইজন শ্রমিক নিয়োগ করেন। তিনি বর্তমানে একজন সফল দুগ্ধ খামারী।

ক. কর্মসংস্থানের প্রধান উৎস কী?

খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

গ. জনাব সাজেদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের বর্ণনা দাও।

ঘ. ‘জনাব সাজেদার কর্মসংস্থান বেকারদের উৎসাহিত করবে’-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [চ. বো. ২৫]
জনাব ফিরোজ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাঁস-মুরগির খামার ও মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। ফলে অল্প সময়ের মধ্যে তিনি স্বাবলম্বী হন। তার দেখাদেখি গ্রামের অন্য যুবকেরাও এ পেশায় উদ্বুদ্ধ হয়ে ওঠে।

ক. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন ধরনের প্রতিষ্ঠান?

খ. ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায়?

গ. জনাব ফিরোজের খামার প্রতিষ্ঠার কাজটি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব ফিরোজের মতো আগামীর প্রজনন্মকে কর্মসংস্থানে অনুপ্রাণিত করার জন্য কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [সি. বো. ২৫]
মি. সাগর লেখাপড়া শেষ করে নিজস্ব মূলধন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আলুর চিপস তৈরির কারখানা স্থাপন করেন। বাজার চাহিদা যাচাই করে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি তার এলাকার সদ্য এইচএসসি পাস করা কয়েকজন যুবককে কর্মী হিসেবে নিয়োগ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের দক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। তিনি ব্যবসায়ে আশানুরূপ সফলতা পাননি।

ক. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?

খ. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি? ব্যাখ্যা করো।

গ. মি. সাগর কোন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. মি. সাগরের ব্যবসায়ে সাফল্য না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [য. বো. ২৫]
জনাব আরিফ নিজেই তার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ইচ্ছা থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের বাবার একখণ্ড জমিতে উচ্চফলনশীল জাতের মাল্টা চাষ শুরু করেন। অল্প দিনের মধ্যেই তিনি সাফল্যের মুখ দেখেন। তার এই সাফল্য দেখে এলাকার অন্যান্য যুবকরাও মাল্টা চাষে উৎসাহিত হন।

ক. ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?

খ. প্রাথমিক মূলধন বলতে কী বোঝায়?

গ. জনাব আরিফের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের কাজের গুরুত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [ব. বো. ২৫]
সাম্প্রতিক সময়ে ইয়াসমিন আক্তারের স্বামী সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। যার ফলে তার সংসারে অচলাবস্থা সৃষ্টি হয়। সংসারের এই পরিস্থিতি দেখে ইয়াসমিন সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান থেকে সেলাই কাজের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেয়। ফলে সে ধীরে ধীরে স্বাবলম্বী হতে থাকে। পরবর্তীতে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় পরিসরে টেইলার্সের ব্যবসায় শুরু করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে শতাধিক কর্মী কাজ করছে।

ক. নট্রামস (বর্তমান নাম নেকটার)-এর প্রধান কাজ কী?

খ. ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? ব্যাখ্যা করো।

গ. ইয়াসমিন আক্তারকে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম কী? ব্যাখ্যা করো।

ঘ. ইয়াসমিন আক্তার কি একজন আত্মকর্মসংস্থানকারী নাকি ব্যবসায় উদ্যোক্তা? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [ঢা. বো. ২৪]
জনাব রাগিব একজন শিক্ষিত বেকার যুবক। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। তার প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণার্থীগণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। যার মাধ্যমে দেশের দক্ষ জনশক্তি সম্পদ অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. প্রেষণাদান কী?

খ. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি? ব্যাখ্যা করো।

গ. জনাব রাগিব কোন ধরনের প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে রাগিবের প্রতিষ্ঠানটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [ম. বো. ২৪]
জনাব হামিদ যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুর খামার স্থাপন করেন। সুষ্ঠুভাবে গরুর পরিচর্যার কারণে তার খামারের দিন দিন উন্নতি হচ্ছে এবং তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে খামার স্থাপন করে সফল হন।

ক. নট্রামস (বর্তমান নাম নেকটার) কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?

খ. বাণিজ্য বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব হামিদের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব হামিদের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [রা. বো. ২৪]
জনাব গণি মিয়া বি.কম পাস করে যোগ্যতা ও পছন্দ অনুযায়ী চাকরি না পাওয়ায়, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজস্ব অর্থ ও সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ২ একর জমিতে ফুল চাষ করেন। তার দক্ষতা-পরিশ্রম, দৃঢ় মনোবল ও সর্বোপরি সহজলভ্য শ্রম তাকে সফলতা এনে দিয়েছে। ফুলের প্রচুর চাহিদা ও তার সফলতা দেখে অনেকে এ পেশায় আত্মনিয়োগ করছেন।

ক. কর্মসংস্থানের প্রধান উৎস কী?

খ. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কাজ কী? ব্যাখ্যা করো।

গ. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে ফুল চাষ নির্বাচনে উদ্দীপকের জনাব গণি মিয়া কোন বিষয় বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব গণি মিয়ার সফলতায় প্রশিক্ষণের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪]
জনাব আরিয়ান পড়ালেখা শেষ করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রোগ্রামিং ও চালনার প্রশিক্ষণ নিয়ে নিজ শহরের প্রাণকেন্দ্রে ‘আরিয়ান আইটি’ প্রতিষ্ঠা করেন। নিজের দক্ষতা ও শ্রমের সাহায্যে তিনি সফলতা অর্জন করেন। পরবর্তীতে তার প্রতিষ্ঠানে একজন শিক্ষিত বিক্রয়কর্মী নিয়োগ দেন। সেই সাথে নিজ হাতে তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। এতে কর্মীর কর্মদক্ষতা ও নৈতিক বল বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।

ক. “বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ ২০১১” এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে সেবাখাতের অবদান কত ভাগ?

খ. সঠিক পণ্য নির্বাচন কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. জনাব আরিয়ানের কর্মসংস্থানটি কোন ধরনের? বর্ণনা করো।

ঘ. জনাব আরিয়ান কর্তৃক নিয়োগকৃত কর্মীর জন্য গৃহীত পদক্ষেপটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৫। [চ. বো. ২৪]
জনাব সজল একজন বেকার যুবক। বন্ধুর পরামর্শে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু-পাখি পালনের প্রশিক্ষণ নেন। নিজের জমাকৃত কিছু অর্থ এবং বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তিনি হাঁস-মুরগি পালনের প্রকল্প হাতে নেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি আর্থিকভাবে সচ্ছল হন।

ক. নট্রামস-এর (বর্তমান নাম নেকটার) প্রধান কাজ কী?

খ. ব্যবসায়ে সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? ব্যাখ্যা করো।

গ. জনাব সজলের কাজটির ধরন কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. “জনাব সজলের মতো সফল ব্যক্তিরাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৬। [য. বো. ২৪]
জনাব আরিফ এমবিএ পাস করেও যোগ্যতা অনুযায়ী চাকরি লাভে ব্যর্থ হন। তিনি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান ‘থেকে কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি স্থানীয় বাজারে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান দেন। তিনি এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদেরকে কম্পিউটার চালনা শিক্ষা দেন। এতে তারা দক্ষতা ও মিতব্যয়িতার সাথে নিজেদের কর্মসংস্থান করে নেন। তাছাড়া শিক্ষার্থীদের অনলাইন ভর্তি-সংক্রান্ত আবেদন কার্যক্রমও সম্পাদন করেন। ফলে তিনি তার চাকরিরত বন্ধুদের থেকেও বেশি আয় করেন।

ক. ‘BRDB’ এর পূর্ণরূপ কী?

খ. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয় কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব আরিফ কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আরিফের কর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৭। [ব. বো. ২৪]
দরিদ্র পরিবারের সন্তান আসিফ পারিবারিক কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পায়। প্রতিবেশীর পরামর্শে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার চালনার উপর একটি কোর্স সম্পন্ন করে। পরবর্তীতে মায়ের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে পৌরসভা এলাকায় “মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণ কেন্দ্রটি সফলতার সাথে সে পরিচালনা করে। প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা ভালো ফলাফল করে তাদের সে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে থাকে। ফলে বেকার ছেলে-মেয়ে সমাজবিরোধী কাজে লিপ্ত না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

ক. BRDB এর পূর্ণরূপ লেখো।

খ. কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কৌশল কোনটি? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে আসিফের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।

ঘ. দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আসিফের প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ব. বো. ২৪]
লেখাপড়া শেষ করার পর জনাব খোরশেদ নিজস্ব পুঁজি এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তার পৈত্রিক জমিতে মাছ চাষ আরম্ভ করেন। কঠোর পরিশ্রমের ফলে তার খামারটি লাভজনক হয়। তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও ২০ জন লোকের কর্মসংস্থান করেন।

ক. আর্থিক ঝুঁকি কী?

খ. বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও জুয়েলারির দোকান প্রতিষ্ঠা দুটির মধ্যে কোনটি ব্যবসায় উদ্যোগ? ব্যাখ্যা করো।

গ. জনাব খোরশেদ কীভাবে তার কর্মসংস্থান করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব খোরশেদ কী শুধু আত্মকর্মী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment