৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলা হয়। শিল্পের উৎপাদন সাধারণত কারখানাভিত্তিক হয় এবং নির্দিষ্ট দ্রব্যের কারখানাসমূহকে একত্রে শিল্প বলা হয়। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
রাশিক ১১ কোটি টাকা ব্যয়ে পাট চাষের জন্য বিখ্যাত ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন। তার বন্ধু রাফি সমপরিমাণ বিনিয়োগ করে একই ধরনের শিল্প স্থাপন করলেন রাজশাহী অঞ্চলে যেখানে আখ চাষ বেশি হয়। নির্দিষ্ট সময় পরে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটি রাফির প্রতিষ্ঠানের চেয়ে বেশি মুনাফা করে।

ক. ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো।

ঘ. রাশিকের শিল্পপ্রতিষ্ঠানটিতে অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

খ. যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধাসম্পদ ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কাজ করা হয়, তাকে সেবা শিল্প বলে।

এ শিল্পকে কুটির, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ এই চার ভাগে ভাগ করা হয়। এ শিল্পে শ্রমিক সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ উৎপাদনমুখী শিল্পের তুলনায় কম থাকে। মৎস্য আহরণ, নির্মাণ শিল্প ও হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফুল চাষ, পর্যটন ও সেবা, হাসপাতাল ও ক্লিনিক প্রভৃতি সেবা শিল্পের অন্তর্ভুক্ত।

গ. বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায়টি উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত।

উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামালকে প্রক্রিয়াজাত করা হয়। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের পরিমাণ ৭৫ লাখ টাকা থেকে ১৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এছাড়া এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানে ৩১ থেকে ১২০ জন শ্রমিক কাজ করে।

উদ্দীপকে জনাব রাশিক ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন। তার এ শিল্পে পাটকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। তাই এটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। আবার তার শিল্পে বিনিয়োগের পরিমাণ ১১ কোটি টাকা। বিনিয়োগের মাপকাঠিতে এটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। কারণ ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের পরিমাণ ৭৫ লাখ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত হয়। রাশিকের বিনিয়োগের পরিমাণ এই সীমার মধ্যেই রয়েছে। সুতরাং, মূলধনের পরিমাণের ভিত্তিতে রাশিকের ব্যবসায়কে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প হিসেবে অভিহিত করা যায়।

ঘ. উদ্দীপকে রাশিকের শিল্পপ্রতিষ্ঠানটিতে মুনাফা বেশি হওয়ার কারণ মালা কাঁচামালের সহজলভ্যতা।

কাঁচামালের সহজলভ্যতার ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট স্থানে সমজাতীয় শিল্পগুলো বেশি পরিমাণে গড়ে ওঠে। কারণ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহজে পাওয়া গেলে কম খরচে বেশি পণ্য উৎপাদন করা যায়। এতে ব্যবসায়ে সহজে সফলতা অর্জন করা সম্ভব হয়।

উদ্দীপকে রাশিক একটি উৎপাদনমুখী পাট ও পাটজাত ক্ষুদ্র শিল্প স্থাপন করেন। তিনি পাট চাষের জন্য বিখ্যাত ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে কারখানা স্থাপন করেন। অন্যদিকে, তার বন্ধু রাফি একই ধরনের শিল্প রাজশাহী অঞ্চলে স্থাপন করেন। কিন্তু এ অঞ্চলে পাটের চেয়ে আখ চাষ বেশি হয়।

রাশিক ময়মনসিংহ জেলার ফুলপুরে শিল্প স্থাপন করায় উৎপাদনের জন্য সহজে কাঁচামাল পায়। এতে তার কাঁচামাল সংগ্রহের সময় ও পরিবহন ব্যয় কমে যায়। ফলে তার উৎপাদন ব্যয় কম হয়। এটি তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়। অপরদিকে, তার বন্ধু রাফি রাজশাহী অঞ্চলে পাট ও পাটজাত শিল্প স্থাপন করলেও সেখানে পাট সহজলভ্য নয়। ফলে রাফিকে কাঁচামাল সংগ্রহে বেশি সময় ও পরিবহন ব্যয় করতে হয়। এতে তার উৎপাদন ব্যয় বেড়ে যায় এবং মুনাফা কমে যায়। তাই বলা যায়, রাশিক কাঁচামালের সহজলভ্যতা দেখে কারখানার স্থান নির্বাচন করায় বেশি মুনাফা অর্জন করতে পেরেছে।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
সরকারি অনুমোদনের ভিত্তিতে জনাব কামাল সমুদ্রতীরে বায়চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। তার প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ৬০ কোটি টাকা। বর্তমানে তিনি ব্যাংক ঋণ নিয়ে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ৫০০ জন কর্মী কাজ করে। গত বছর প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতাদের একজন হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। তিনি আশা করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে সমগ্র চট্টগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন।

ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

খ. কুটির শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব কামালের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জনাব কামালের প্রতিষ্ঠিত শিল্পের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তরঃ

ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছে।

খ. ক্ষুদ্র মূলধন ও নিজস্ব কারিগরি জ্ঞানের সাহায্যে পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচালিত শিল্প হলো কুটির শিল্প।

এ ধরনের শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকার কম হয়। স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। তারা পূর্ণকালীন ও খণ্ডকালীনভাবে উৎপাদন কাজে জড়িত থাকে।

গ. জনাব কামালের শিল্পটি বিনিয়োগের মাপকাঠিতে সেবামূলক বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত।

সেবামূলক বৃহৎ শিল্পে জমি ও কারখানা ভবন ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকার বেশি হয়। এ ধরনের শিল্পে শ্রমিক সংখ্যা ১২০ জনের বেশি থাকে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, গ্যাস সরবরাহ, হাসপাতাল ইত্যাদি এ শিল্পের উদাহরণ।

উদ্দীপকে জনাব কামাল সমুদ্রতীরে বায়চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন। এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে। তাই তার শিল্পটি সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। তার এ শিল্পে প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ৬০ কোটি টাকা। এটি সেবামূলক বৃহৎ শিল্পের ন্যূনতম বিনিয়োগ সীমা অতিক্রম করেছে। এছাড়া বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ৫০০ জন কর্মী কাজ করে। এ পরিমাণ জনবল বৃহৎ শিল্পের শর্ত অনুযায়ী ১২০ জনের বেশি হওয়ার বিষয়টি পূরণ করে।

সুতরাং, জনবল ও বিনিয়োগের ভিত্তিতে জনাব কামালের শিল্পটিকে সেবামূলক বৃহৎ শিল্প বলে অভিহিত করা যায়।

ঘ. উদ্দীপকে জনাব কামালের প্রতিষ্ঠিত সেবামূলক বৃহৎ শিল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃহৎ শিল্পগুলো সাধারণত দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সাহায্য করে। এ ধরনের শিল্পে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ হয় এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়। এটি দেশের মোট উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে অবদান রাখে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অন্যান্য শিল্পের বিকাশেও সহায়তা করে।

জনাব কামালের বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রটি একটি সেবামূলক বৃহৎ শিল্প। তার এ প্রতিষ্ঠানে ৫০০ জন কর্মী কাজ করে। গত বছর তিনি শ্রেষ্ঠ করদাতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি আশা করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে সমগ্র চট্টগ্রাম জেলার বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন।

আর্থ-সামাজিক দিক থেকে জনাব কামালের শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ শিল্পে ৫০০ জন মানুষের কর্মসংস্থান হওয়ায় বেকারত্ব কমে যায়। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। আবার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় ছোট ও মাঝারি শিল্পগুলোও নিয়মিতভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল থাকে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার সেবার পরিধি আরও বাড়বে, ফলে এই অঞ্চলের শিল্পায়ন ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আবার বায়ুচালিত বিদ্যুৎ পরিবেশবান্ধব হওয়ায় এটি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনেও সহায়তা করে। অতএব, জনাব কামালের প্রতিষ্ঠিত সেবামূলক বৃহৎ শিল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
মি. আশিক তার নিজের জায়গায় ৩ কোটি টাকা ব্যয়ে একটি সিরামিক ও চীনামাটির সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ৮০ জন শ্রমিক নিয়োজিত আছে। তার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় বিক্রিও ভালো হয়। তার বন্ধু মি. রফিক তা দেখে একটি মিশ্র সার কারখানা স্থাপন করেন। তিনি ২০ কোটি টাকা ব্যয় করেন এবং এতে ২০০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

ক. শিল্প কী?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. বিনিয়োগের মাপকাঠিতে মি. আশিকের শিল্পটি কোন ধরনের শিল্প? বর্ণনা করো।

ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মি. রফিকের কারখানাটির অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫]
এস.এস.সি পাস করার পর জলিল আর্থিক সমস্যার কারণে আর লেখাপড়া করতে পারেনি। প্রতিবেশী এক বড় ভাইয়ের পরামর্শে তিনি ক্যাটারিং সার্ভিসের ওপর একটি ছয় মাসের কোর্স করেন। পারিবারিক সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করে মনোরম পরিবেশে একটি খাবার হোটেল দেন। তার হোটেলের সৌন্দর্য ও খাবারের মান ভালো হওয়ায় প্রচুর বিক্রি হয়। পরবর্তীতে তিনি তার হোটেলে শিফট চালু করেন। দুই শিফটের জন্য তিনি বর্তমানে ২০ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। তার সফলতা দেখে অনেকে এখন আত্মকর্মসংস্থানের দিকে মনোনিবেশ করেন।

ক. উৎপাদনমুখী বৃহৎ শিল্প কী?

খ. কুটির শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জলিলের কাজটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে জলিলের কাজটির অর্থনৈতিক ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো. ২৫]
হৃদম কৃষিতে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার কথা বিবেচনা করে পাবনায় একটি জৈবসার কারখানা স্থাপন করেন। তার কারখানায় মোট ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ২০০ জন শ্রমিক রয়েছে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার কারখানাকে আরও আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য তার আরও ২১ কোটি টাকা ব্যয় হবে এবং ১২৫ জন শ্রমিকের প্রয়োজন পড়বে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত নিত্যনতুন কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্র প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

ক. কুটির শিল্প কী?

খ. শিল্পোন্নয়নের গতিধারা ব্যাহত হচ্ছে কেন? ব্যাখ্যা করো।

গ. বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় হৃদমের দ্বিতীয় পর্যায়ের শিল্প কারখানাটি স্থাপনের যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫]
জনাব বাশার পরিবারের সদস্যদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্থানীয় উপকরণের ওপর ভিত্তি করে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানের পণ্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। পক্ষান্তরে জনাব আফরান একটি শিল্পকারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ৩০০ জন শ্রমিক কর্মরত। শিল্পটির উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তিনি শিল্পটির কয়েকটি শাখা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন।

ক. ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝ?

খ. মাঝারি সেবা শিল্প কী? ব্যাখ্যা করো।

গ. জনাব বাশারের শিল্পটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জনাব আফরানের শিল্পটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫]
জনাব সজল তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস, ফুলদানি তৈরি করেন এবং নিজের দোকানেই সেগুলো বিক্রি করেন। অন্যদিকে, জনাব আবির ১০০ কোটি টাকা ব্যয়ে পাট চাষের জন্য বিখ্যাত ময়মনসিংহের ফুলপুরে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন।

ক. বিপণনের অন্যতম কাজ কী?

খ. ঘুমন্ত অংশীদার কাকে বলে? ব্যাখ্যা করো।

গ. জনাব সজলের স্থাপিত শিল্পের ধরন বর্ণনা দাও।

ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫]
শিল্প ক →মূলধন ১০ লক্ষ টাকার নিচে

শিল্প খ→ মূলধন ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি

ক. সিমেন্ট তৈরির কাঁচামাল কী?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ‘ক’ শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকে ‘খ’ শিল্পটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫]
মিস ম্যাচিং চাকমা স্থানীয় NGO থেকে প্রশিক্ষণ নিয়ে গৃহস্থালি ও শৌখিন পণ্য তৈরির সিদ্ধান্ত নেন। কাঁচামালের সহজলভ্যতার কথা চিন্তা করে বেতের ঝুড়ি, খেলনা, চেয়ার ও বাঁশের চাটাই এবং গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করে স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও বিক্রি করে উপার্জন শুরু করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে সাহায্য করছেন। অধিক মুনাফা লাভের আশায় বর্তমানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি শুরু করেছেন।

ক. সেবা শিল্প কাকে বলে?

খ. সহায়ক সেবা কাকে বলে? ব্যাখ্যা করো।

গ. মিস ম্যাচিং চাকমার শিল্পটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. রাঙামাটির মতো জেলার আর্থিক উন্নয়নে মিস ম্যাচিং চাকমার শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫]
রহিমা একজন নারী উদ্যোক্তা। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে কুলা আর চালুন তৈরি করে হাটের দিন স্থানীয় বাজারে বিক্রি করে বেশ ভালোই মুনাফা অর্জন করেছেন। তার কাজটি দেখে প্রতিবেশী লামিয়াও উদ্বুদ্ধ হয়ে অনুরূপ আর একটি কারখানা স্থাপন করেন।

ক. সেবা শিল্প কী?

খ. অনুন্নত এলাকা বলতে কী বোঝায়?

গ. রহিমার কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।

ঘ. ‘বাংলাদেশের প্রেক্ষাপটে রহিমা ও লামিয়ার গঠিত শিল্পের ভূমিকা অনস্বীকার্য’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [ব. বো. ২৫]
নাটোরের একটি স্বনামধন্য জুস প্রক্রিয়াজাতকরণ কারখানার মালিক মি. জিসান সাহেব। বর্তমানে তার কারখানার মূলধনের পরিমাণ ১০ কোটি টাকা ও শ্রমিক সংখ্যা ৬০ জন। কারখানায় শ্রমিক সংখ্যা যথেষ্ট না হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তিনি কারখানায় শ্রমিকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন।

ক. কুটির শিল্প কী?

খ. সেবামূলক শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক সংখ্যা বৃদ্ধি ছাড়াও মি. জিসান সাহেব আর কী কী পদক্ষেপ নিতে পারেন? ব্যাখ্যা করো।

ঘ. ‘দেশের অর্থনীতির উন্নয়নে মি. জিসান সাহেবের শিল্পটির ভূমিকা অনেক’- উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [ম. বো. ২৪]
মি. রিমু কক্সবাজারে ‘রিমু সল্ট ইন্ডাস্টিজ লি.’ নামে একটি লবণ প্রসেসিং কারখানা স্থাপন করেন। তার জমি ও কারখানার ভবন ব্যতিরেকে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য ৭৫ লক্ষ টাকা।

ক. নকশি কাঁথা কোন শিল্পের অন্তর্গত?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়?

গ. মি. রিমুর কারখানাটি যে শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।

ঘ. শিল্পটি স্থাপনে মি. রিমুর কক্সবাজারকে নির্বাচন করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [রা. বো. ২৪]
ইপিজেড-এ জনাব সরওয়ার সাহেবের একটি তৈরি পোশাকের কারখানা রয়েছে। তার প্রতিষ্ঠিত কারখানায় প্রতিস্থাপন ব্যয়সহ মোট ১৯ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ১৫০ জন শ্রমিক কাজ করছে। শুরুর দিকে স্থানীয় চাহিদার ভিত্তিতে স্বল্প পরিসরে উৎপাদন করলে সময়ের সাথে সাথে বৈদেশিক অর্ডার আসতে থাকে। কিন্তু উন্নত কাঁচামাল, পর্যাপ্ত পুঁজি ও আধুনিক মেশিনারির সমস্যার কারণে পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তিনি মনে করেন সরকারি কিছু সহায়তার সমস্যা কাটিয়ে ওঠে সঠিকভাবে ব্যবসায় পরিচালনায় সক্ষম হবেন।

ক. কুটির শিল্প কাকে বলে?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব সরওয়ারের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে জনাব সরওয়ারের সফলভাবে ব্যবসায় পরিচালনায় তোমার সুপারিশ ব্যক্ত করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪]
গার্মেন্টস শিল্পে বিভিন্ন ধরনের কাগজের প্যাকেটের চাহিদা থাকায় পনির ‘আলোকিত প্যাকেজিং’ নামে একটি কারখানা স্থাপন করেন। তার এ শিল্পে সর্বোচ্চ ২৫ কোটি টাকা বিনিয়োগ করা যায় এবং শ্রমিকের সর্বনিম্ন সংখ্যা ১০০। কারখানা শুরুর দিকে বেশ মুনাফা হলেও দেশি-বিদেশি প্রতিযোগিতা, রাস্তাঘাটের অনুন্নত অবস্থার কারণে মুনাফা কমতে থাকে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ শিল্পের অবদান বৃদ্ধি পেলেও পনির তার কারখানার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ক. উৎপাদনমুখী বৃহৎ শিল্পে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ কত?

খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. বিনিয়োগের মাপকাঠিতে পনিরের কারখানা স্থাপন কোন শিল্পের মধ্যে পড়ে? বর্ণনা করো।

ঘ. ‘আলোকিত প্যাকেজিং’ এর মতো শিল্পের বিকাশে করণীয় সম্পর্কে সুচিন্তিত মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১৫। [কু. বো. ২৪]
আসাদ মণ্ডল মিরপুরের বেনারসি পাড়ায় ছয় বছর কারিগর হিসেবে কাজ করেন। পরে শিবচরে তার নিজ বাড়িতে বেনারসি তাঁত স্থাপন করেন। পরিবারের সবাইকে এই কাজে যুক্ত করেন। অপরদিকে গফুর ব্যাপারী লক্ষ করলেন তার এলাকায় প্রচুর লোক ঢাকায় পোশাক শিল্পকারখানায় কাজ করেন। তাই ১০০ কোটি টাকা ব্যয়ে ৩০০ জন শ্রমিক নিয়ে একটি গার্মেন্টস স্থাপন করেন।

ক. সেবামূলক শিল্প কী?

খ. “প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে”-ব্যাখ্যা করো।

গ. জনাব আসাদ মন্ডলের স্থাপিত শিল্পের ধরন ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব গফুর ব্যাপারীর শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৬। [চ. বো. ২৪]
জনাব আলম ঢাকা জেলার EPZ এলাকায় সরকারের অনুমোদন নিয়ে ‘আলম ট্যানারি লি.’ নামে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। নদী সংলগ্ন তার কারখানায় ২০০ জন শ্রমিক কর্মরত রয়েছে। পরিবেশের দূষণ না করে এই কারখানায় তৈরি ব্যাগ, জুতা ও বেল্ট বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

ক. প্রজনন শিল্প কী?

খ. “কর্মসংস্থানের বড় ক্ষেত্র হচ্ছে শিল্প”- ব্যাখ্যা করো।

গ. জনাব আলমের ব্যবসায়টি যে শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।

ঘ. আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় জনাব আলমের শিল্পটি স্থাপনের যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৭। [সি. বো. ২৪]
মি. বকুল মিয়া তার এক বন্ধুর পরামর্শ নিয়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বাঁশের পাখা, কুলা, ঝাঁকা তৈরি করেন এবং এ কাজে তার স্ত্রী-সন্তানরা তাকে সাহায্য করে। রাত-দিন পরিশ্রমের ফলে তাদের পরিবারে বর্তমানে অভাব নেই।

ক. সেবা শিল্প কী?

খ. “বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়”- ব্যাখ্যা করো।

গ. মি. বকুল মিয়ার কাজটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।

ঘ. মি. বকুল মিয়ার শিল্পটি কীভাবে বেকার জনগোষ্ঠীকে দরিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ব. বো. ২৪]
সুজন তার মা-বাবা, ভাই-বোনদের নিয়ে চার লক্ষ টাকা মূলধন খাটিয়ে বেতের ঝুড়ি, চেয়ার, দোলনা, চাটাই, কুলা ইত্যাদি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। তাদের প্রস্তুতকৃত পণ্যের মান ভালো হওয়ায় তার সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে তার বন্ধু রুমন বত্রিশ কোটি টাকা পুঁজি নিয়ে পাট ও পাটজাত পণ্য তৈরির একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যসামগ্রী দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিনশ জনের মতো শ্রমিক কাজ করে।

ক. জনশক্তি রপ্তানি কোন শিল্প?

খ. শ্রমঘন শিল্প কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে সুজনের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রুমনের শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৯। [ঢা. বো., রা. বো., সি. বো. ,য. বো., ব. বো. ১৯]
মি. সানমুন একটি সিমেন্ট কারখানা স্থাপনের জন্য পায়রা সমুদ্রবন্দর এলাকায় কিছু জমি কেনেন। পরিবহন, শ্রমিকের সহজলভ্যতাসহ বিভিন্ন অনুকূল পরিবেশের জন্য তিনি বেশি আগ্রহী হলেন। নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় বন্দর এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

ক. সেবা শিল্প কী?

খ. কুটির শিল্প বলতে কী বোঝায়?

গ. মি. সানমুনের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।

ঘ. মি. সানমুনের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতি কীভাবে শক্তিশালী হবে তা মূল্যায়ন করো।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment