ব্যবসায় হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] সুজয় ও বিজয় দুই বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে ২০২০ সালে একটি ব্যবসায় স্থাপন করেন। তারা ৫ বছরের জন্য ব্যবসায়টি পরিচালনা করতে চান। আরেক বন্ধু আসিফ তাদের সাথে যুক্ত হতে আগ্রহী হন এবং ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তবে তিনি পরিচালনায় অংশগ্রহণ করবে না বলে জানান। ২০২৫ সালে তারা ঐক্যমতের ভিত্তিতে ব্যবসায়টি বন্ধ করতে সম্মত হন। ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে? খ. কোম্পানির মূল দলিল কোনটি? ব্যাখ্যা করো। গ. আসিফ কোন ধরনের অংশীদার? বর্ণনা করো। ঘ. উদ্দীপকের ব্যবসায়টি বিলোপসাধনে তোমার সুচিন্তিত মতামত দাও। |
উত্তরঃ
ক. যে ব্যবসায় একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সকল লাভ-ক্ষতি মালিক একা বহন করেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে।
খ. কোম্পানির মূল দলিল হলো স্মারকলিপি।
স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, গঠনতন্ত্র, সনদ বা সংবিধান। এই দলিলে যৌথমূলধনি কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি ইত্যাদি বিষয় লেখা থাকে। এটি ছাড়া কোম্পানি গঠন করা যায় না। তাই একে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। এটি মূলত কোম্পানির কাজের ক্ষেত্র ও ক্ষমতার সীমা নির্ধারণ করে।
গ. উদ্দীপকের আসিফ একজন ঘুমন্ত অংশীদার।
এ ধরনের অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং মুনাফায় অংশ নেন। তবে তারা ব্যবসা পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন না। এ ধরনের অংশীদারের দায় অসীম হয়। তৃতীয় পক্ষের কাছে তারা অন্য অংশীদারদের মতোই দায়ী থাকেন।
উদ্দীপকে সুজয় ও বিজয় একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। তাদের বন্ধু আসিফও তাদের সাথে যুক্ত হতে আগ্রহী হন এবং ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু তিনি ব্যবসা পরিচালনায় অংশ নেবেন না বলে জানান। আসিফ মূলধন বিনিয়োগ করেও ব্যবসা পরিচালনায় অংশ না নেওয়ায় অংশীদারি আইনের দৃষ্টিতে তিনি ঘুমন্ত অংশীদার। তবে চুক্তি অনুযায়ী তিনি লাভ-ক্ষতিতে অংশ নেবেন। তাই বলা যায়, আসিফ একজন ঘুমন্ত অংশীদার।
ঘ. উদ্দীপকের ব্যবসায়টি সকলে একমত হয়ে বিলোপসাধন হয়েছে, যা সম্পর্ণ যৌক্তিক।
অংশীদারি আইনের ৪০ ধারা অনুযায়ী, সকল অংশীদারের সম্মতিতে একসাথে সিদ্ধান্ত নিয়ে ব্যবসা বন্ধ করা যায়। একে ঐক্যমতের ভিত্তিতে বিলোপসাধন বলা হয়। এটি অংশীদারি ব্যবসা বন্ধ করার সবচেয়ে সহজ ও শান্তিপূর্ণ উপায়।
উদ্দীপকে সুজয় ও বিজয় সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসা শুরু করেন। পরে তাদের সাথে আরেক বন্ধু আসিফও যুক্ত হন। তারা ৫ বছরের জন্য ব্যবসাটি পরিচালনা করতে চেয়েছিলেন। ২০২৫ সালে তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে ব্যবসাটি বন্ধ করতে রাজি হন। সকল অংশীদার স্বেচ্ছায় এবং পারস্পরিক সম্মতির মাধ্যমে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় এটি ঐক্যমতের ভিত্তিতে বিলোপসাধন।
অংশীদারি ব্যবসা যেহেতু চুক্তির মাধ্যমে তৈরি হয়, তাই চুক্তির মাধ্যমেই এর বিলোপ হওয়া ভালো। উদ্দীপকের ব্যবসার অংশীদাররা স্বেচ্ছায় বিলোপে সম্মত হওয়ায় কোনো আইনি জটিলতা তৈরি হবে না। তারা সহজেই দায়-দেনা ও সম্পদ ভাগ করে নিতে পারবেন। এছাড়া, ব্যবসাটি ৫ বছরের জন্য গঠিত হয়েছিল, যা নির্দিষ্ট সময় শেষে বিলোপের ইঙ্গিত দেয়। তবে ঐক্যমতের ভিত্তিতে বিলোপ হওয়ায় এটি অংশীদারি ব্যবসার মূলনীতির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসাটির ঐক্যমতের ভিত্তিতে বিলোপসাধন যথার্থ হয়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] নাফিজ ও তার চার বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসায় সম্প্রসারণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে ১৯৯৪ সালের কোম্পানি আইনানুযায়ী ‘নাফিজ অ্যান্ড ফ্রেন্ডস’ কোং লি. নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন। দুই বছরের মধ্যে তারা দুইটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসায় সম্প্রসারণ করেন। ক. শেয়ার কী? খ. একমালিকানা ব্যবসায়ে ‘মালিকের দায় অসীম’ কথাটি ব্যাখ্যা করো। গ. নাফিজ ও তার বন্ধুদের ১ম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কোন ধরনের ছিল? ব্যাখ্যা করো। ঘ. সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- বিষয়টি মূল্যায়ন করো। |
উত্তরঃ
ক. কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।
খ. একক ব্যস্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
এ ধরনের ব্যবসায়ের আলাদা কোনো সত্তা থাকে না। এখানে মালিকের ব্যক্তিগত সত্তাই প্রধান। তাই দায় ভাগ করার কোনো সুযোগ নেই। ফলে ব্যবসায়ের দায়ের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও দায়ী হতে পারে। এজন্য একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম হয়।
গ. নাফিজ ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায় সংগঠন।
মুনাফা অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি ব্যবসা গঠন করেন। চুক্তি অনুযায়ী এই ব্যবসা যৌথভাবে পরিচালনা করতে হয়। এই চুক্তিতে ব্যবসার লাভ-লোকসান বণ্টন, দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয় উল্লেখ থাকে।
উদ্দীপকের নাফিজ ও তার চার বন্ধু খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাটি একটি চুক্তির ভিত্তিতে গঠন করেছেন। এই চুক্তিই তাদের ব্যবসার প্রধান ভিত্তি। এই চুক্তি অনুযায়ী তাদের ব্যবসার সব কাজ যেমন—মূলধন সরবরাহ, লাভ-ক্ষতি বণ্টন, পরিচালনা ইত্যাদি করা হয়। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসার সঙ্গে মিল রয়েছে। তাই বলা যায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির আওতায় নাফিজ ও তার বন্ধুরা প্রথমে অংশীদারি ব্যবসা গঠন করেছিলেন।
ঘ. সাংগঠনিক ধরন পরিবর্তন করে উদ্দীপকের নাফিজরা যৌথমূলধনি ব্যবসা গঠন করেছেন, যা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
সাধারণত বেশি মূলধন সংগ্রহ ও ব্যবসা বড় করার জন্য যৌথমূলধনি ব্যবসা গঠন করা হয়। যৌথমূলধনি ব্যবসা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। এ ধরনের ব্যবসা বড় আকারের হয়ে থাকে। তাই এতে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের নাফিজ ও তার বন্ধুরা প্রথমে অংশীদারি ব্যবসা গঠন করেন। ব্যবসার পণ্যের চাহিদা বাড়ায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হয়। এজন্য ব্যবসা সম্প্রসারণ ও আধুনিক করার দরকার ছিল। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছিলেন না। তাই প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী ব্যবসার সাংগঠনিক ধরন পরিবর্তন করে যৌথমূলধনি ব্যবসা গঠন করেন।
ব্যবসাটি যৌথমূলধনি হওয়ায় শেয়ার ও ঋণপত্র বিক্রি করে তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। এই অর্থ দিয়ে তারা সহজেই ব্যবসার শাখা বিভাগীয় শহরেও বাড়াতে পেরেছেন। এতে সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আবার, প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন বাড়ায় মানুষের খাদ্যের চাহিদা পূরণেও এটি ভালো ভূমিকা রাখছে। এছাড়া প্রতিষ্ঠানটি কর দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়াতে সাহায্য করছে। এভাবে নাফিজদের যৌথমূলধনি ব্যবসা দেশের অর্থনীতিতে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫] জোনায়েত একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় শুরু করেন। মূলধন স্বল্পতার কারণে তিনি তার পাঁচ বন্ধুকে নিয়ে মৌখিক চুক্তিতে ব্যবসায়টি সম্প্রসারণ করেন। কিছুদিনের মধ্যেই ব্যবসায়টি সফলতা অর্জন করে। জোনায়েত নিজে ব্যবসায়টি পরিচালনা করেন। যার ফলে গোপনে ২ বছরের মধ্যে ব্যবসার সমস্ত কিছু জোনায়েত নিজের করে ফেলেন। তার অপর বন্ধুরা তার বিরুদ্ধে মামলা করেও ব্যবসায়ের মুনাফা গ্রহণে ব্যর্থ হন। ক. বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম কী? খ. যৌথমূলধনি ব্যবসায় কীসের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়? ব্যাখ্যা করো। গ. জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ঘ. জোনায়েতের বিরুদ্ধে কোনো আইনি সহায়তা না পাওয়ার কারণ কী? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫] শেফাউল ও তার শিক্ষিত আট বন্ধু মিলে সীমিত দায়বিশিষ্ট একটি সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করে এবং নিবন্ধনপত্র পেয়েই তারা কাজ শুরু করে। তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় বাজারে পণ্যের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। পণ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য তারা সংগঠনের কাঠামো পরিবর্তন করে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে লাগলো এবং সার্থক হলো। ক. সমবায় সমিতি কী? খ. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক কি না? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটির ধরন কোনটি? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনটির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো. ২৫] জনাব রকি নিজ উদ্যোগে একটি ব্যবসায় গঠন করেন এবং নিজেই পরিচালনা করেন। ব্যবসায়ের লাভ-ক্ষতি নিজেকেই বহন করতে হয়। অপরদিকে শফিক, রফিক এবং বরকত তিন বন্ধু চুক্তিবদ্ধ হয়ে সমহারে মূলধন নিয়ে ব্যবসায় গঠন করেন। কয়েক বছর পর শফিক অবসর নেন কিন্তু ব্যবসায়ে মূলধন রয়ে যায়। এখন রফিক এবং বরকত ব্যবসায় নিয়ে ভাবছেন। ক. পরিমেল নিয়মাবলি কী? খ. রাষ্ট্রীয় ব্যবসায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে শফিক কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫] জনাব রাফিদ একটি প্রতিষ্ঠানে কর্মরত। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো বিভিন্ন এলাকার সর্বসাধারণের সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি অল্পদিনেই বেশ সুনাম অর্জন করেছে। অপরদিকে শাওন, সুজন আরও কয়েকজন মৎস্যচাষি নিজেদের উন্নতির জন্য ২০০১ সালের আইন অনুযায়ী একটি সংগঠন গড়ে তোলেন। মুনাফার একটি অংশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যয় করেন। বর্তমানে তাদের প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। ক. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কী? খ. একমালিকানা ব্যবসায়ের দায়ের ধরন ব্যাখ্যা করো। গ. জনাব রাফিদের কর্মরত প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো। ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব শাওন ও জনাব সুজনের গঠিত সংগঠনটির ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫] শিমুলতলী গ্রামের আখচাষিগণ তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য ‘সবুজ সংঘ’ নামে একটি সংগঠন করেন। উক্ত সংগঠনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে লাভবান হন। নিজেদের ব্যবহারের প্রয়োজনীয় পণ্যসামগ্রী উক্ত সংগঠনের মাধ্যমে কম মূল্যে সংগ্রহ করেন। সরকারি সুযোগ-সুবিধা আদায় করে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হন এবং তাদের দরিদ্রতা দূর হয়। ক. মালিক এককভাবে ঝুঁকি বহন করে কোন ব্যবসায় সংগঠনে? খ. কৃত্রিম ব্যক্তিসত্তা কী? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের ‘সবুজ সংঘ’ কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো। ঘ. চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘সবুজ সংঘ’ এর মতো সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [কু. বো. ২৫] জনাব রাকিব এলাকার বাজারে গার্মেন্টস পণ্যের শো-রুম চালু করেন। পরবর্তীতে তিনি তার দুই বন্ধুকে চুক্তির ভিত্তিতে মালিকানা দিয়ে ব্যবসায়টি সম্প্রসারণ করেন। ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? খ. ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানা যায় কোনটি দ্বারা? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব রাকিবের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কী ধরনের ছিল? ঘ. জনাব রাকিবের দুই বন্ধুকে ব্যবসায় মালিকানায় যুক্ত করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫] আদিত্য বড়ুয়া তাদের পূর্ব-পুরুষদের প্রাচীন ব্যবসায়টি পরিচালনা করে আসছিলেন। বর্তমানে পণ্যের চাহিদা বৃদ্ধি এবং ব্যবসায়টি আধুনিকায়নের জন্য বন্ধু মি. অনিককে চুক্তির ভিত্তিতে ব্যবসায় অন্তর্ভুক্ত করেন। মি. অনিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে মুনাফার অংশ নিলেও ব্যবসায় পরিচালনায় স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না। ক. “একতাই বল” এই নীতির ভিত্তিতে কোন ব্যবসায়ের উৎপত্তি হয়েছে? খ. একমালিকানা ব্যবসায়ের আয়তন ক্ষুদ্র হয় কেন? ব্যাখ্যা করো। গ. আদিত্য বড়ুয়ার পরিবর্তিত ব্যবসায় সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. আদিত্য বড়ুয়ার ব্যবসায়ের ধরন পরিবর্তনের যৌক্তিতা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫] রনি ও জনি দুই বন্ধু লেখাপড়া শেষ করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের ব্যবসায় প্রচুর লাভ হয়। কিন্তু ব্যবসায়টি কিছুদিন চলার পর রনির মস্তিষ্ক বিকৃতি ঘটে। ফলে দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হন। ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী? খ. একমালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। গ. জনাব রনি ও জনির ব্যবসায় মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি বিলোপসাধন ঘটবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [ব. বো. ২৫] কুড়িগ্রাম জেলার একটি অঞ্চলের সবজি ব্যবসায়ীরা মিলে নিজেদের আর্থ-সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে সংগঠনটিকে কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ে সম্প্রসারণের জন্য তারা ইতিবাচক চিন্তা-ভাবনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করেন। এজন্য তারা দেশের বিভিন্ন অঞ্চলের সবজি ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। ক. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? খ. অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক? ব্যাখ্যা করো। গ. মালিকানার ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ধরন কোনটি? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে ব্যবসায় সংগঠনটির মূলনীতি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [ঢা. বো. ২৪] রানা ও তার পাঁচ বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তাদের অর্থনৈতিক সংকটের কারণে ব্যবসায় বৃদ্ধিকরণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে ১৯৯৪ সালের আইন অনুযায়ী ‘রানা এন্ড ফ্রেন্ডস’ কোম্পানি নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন। দুই বছরের মধ্যে তারা তিনটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসায় পরিচালনা করেন। ক. বাধ্যতামূলক বিলোপসাধন কী? খ. একমালিকানা ব্যবসায় “মালিকের দায় অসীম” কথাটি ব্যাখ্যা করো। গ. তাদের প্রথম ব্যবসায়টির ধরন কী? ব্যাখ্যা করো। ঘ. সাংগঠনিক ধরন পরিবর্তন করায় রানাদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [ম. বো. ২৪] রফিক ও শফিক ‘দুই বন্ধু চুক্তির ভিত্তিতে একটি ওষুধ তৈরির কারখানা করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসায় সম্প্রসারণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে ১৯৯৪ সালের আইন অনুযায়ী ‘ABC কোং লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন। তারা সদস্য সংখ্যা বৃদ্ধি করে নিজস্ব অর্থায়নে ব্যবসায় সম্প্রসারণ করেন এবং সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন। ক. সমবায়ের শাব্দিক অর্থ কী? খ. সীমিত অংশীদার বলতে কী বোঝায়? গ. রফিক ও শফিকের ১ম পর্যায়ের ব্যবসায় সংগঠনটির ধরন ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে সংগঠনটির ধরন পরিবর্তন করায় রফিকদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [রা. বো. ২৪] আসিফ, মাসুম এবং রাফি তিন বন্ধু মিলে মূলধন ও মুনাফা সমানুপাতে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে একটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। ব্যবসায় প্রতিষ্ঠানটি চালু হওয়ার কয়েক মাসের মধ্যে মাসুম মারা যাওয়ায় তার ১৫ বছরের সন্তান টিপুকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়। অপরদিকে মাহি ও সানি কোম্পানি আইন অনুযায়ী ‘আদিল অ্যান্ড কোং’ নামে আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে, যেটি কোনো সদস্যের মৃত্যুতেও বিলোপসাধন ঘটবে না। ক. ইউরোপ ও আমেরিকায় প্রায় কত শতাংশ ব্যবসায় একমালিকানাভিত্তিক? খ. কোন কোন কারণে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটতে পারে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের টিপু কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ঘ. ‘আদিল অ্যান্ড কোং’ এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [দি. বো. ২৪] পাপড়ি, শিলা ও নীলা মৌখিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় করবেন বলে চুক্তিবদ্ধ হলেন। পিংকি তাদের প্রতিষ্ঠান হতে ২ লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করেন। বার বার টাকা চাওয়ার পরও বকেয়া টাকা আদায় হচ্ছে না। ফলে তারা মামলা করার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে কিছুদিন পর নীলা তার অংশীদারি ব্যবসায়ের প্রাপ্য অংশ গোপনে পিংকির কাছে হস্তান্তর করেন। ক. অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? খ. অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে না কোন অংশীদার? কেন? গ. উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে কোন ধরনের বিলোপসাধন প্রযোজ্য হবে? বর্ণনা করো। ঘ. উদ্ভূত পরিস্থিতিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটির মামলার ফলাফলের যৌক্তিক বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [কু. বো. ২৪] জামালপুরে ভুট্টার ব্যাপক উৎপাদন হয়। তাই জনাব বাবু তার দশজন বন্ধু নিয়ে ভুট্টার গাছ থেকে গরুর খাবার সাইলেজ তৈরির কারখানা দেন। শুরুতে স্থানীয় খামারিদের চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও তার আশপাশের খামারিদের চাহিদা পূরণ করতে গিয়ে চাপের মধ্যে আছেন। তাই কারখানার সম্প্রসারণ করতে শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ক. কৃত্রিম ব্যক্তিসত্তা কী? খ. ঘুমন্ত অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব বাবুর প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে জনাব বাবুর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থায়নের যৌক্তিকতা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [চ. বো. ২৪] মামুন, মাসুদ ও মাসরুর XYZ নামে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে তারা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, তারা মূলধন অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নিবেন। ব্যবসায়টি দ্রুত সফল হওয়ার কারণে তারা আরও কমপক্ষে ৪ জন বন্ধু মিলে ABC লি. নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। কিন্তু প্রতিষ্ঠানটি সকল কার্যক্রম শেষ হলে এখনও নিবন্ধন করতে পারেনি। যার ফলে প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছে। ক. কৃত্রিম ব্যক্তিসত্তা কী? খ. রাষ্ট্রীয় কারবার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. XYZ ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. ABC লি. প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু না করার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৮। [চ. বো. ২৪] তানভির, সজল ও নিরব তিন বন্ধু দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে ‘ফ্রেন্ডস ট্রান্সকম’ নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিন পর তাদের বন্ধু মনোজকেও তারা অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ করেন। কিন্তু মনোজ ব্যবসায়ে বিনিয়োগ করেননি এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবেন না। চুক্তি অনুযায়ী লাভের অংশ নিবেন। মনোজ ‘সমীর এন্ড কোং’ এর নিকট থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হলে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। এর কিছুদিন পর তাদের ব্যবসায়ের মেয়াদ শেষ হয়ে যায়। ক. আচরণে অনুমিত অংশীদার কী? খ. “প্রচারই প্রসার”- উক্তিটি বিশ্লেষণ করো। গ. উদ্দীপকে মনোজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির বিলোপসাধন পদ্ধতি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৯। [সি. বো. ২৪] সুমন, মোহন ও রাজন তিন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেছিলেন। কিন্তু উক্ত ব্যবসায়ে মূলধনের অপ্রতুলতা, আইনগত সীমাবদ্ধতা ও অসীম দায়ের কারণে তারা বৃহদায়তন ব্যবসায়ে আগ্রহী হলেন। উক্ত ব্যবসায় গঠনের জন্য তারা বিভিন্ন দলিলপত্র প্রণয়নের প্রস্তুতি গ্রহণ করেন। তারা মনে করেন বর্তমানে ব্যবসায়টি বেকারত্ব দূর করে জাতীয় আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখবে। ক. অংশীদারি ব্যবসায় কাকে বলে? খ. সমবায় সমিতির দুইটি মূলনীতি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে কী কী ধরনের দলিল প্রণয়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে জাতীয় আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।
ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
Related Posts
- ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- (৯ম ও ১০ম) ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর