৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। এই পোস্টে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
বেকার যুবক আহনাফ একটি জাতীয় দৈনিকে কচুরিপানা থেকে কাগজ তৈরির উপর একটি প্রতিবেদন পড়েন। তার এলাকার জলাশয়ে প্রচুর কচুরিপানার উপস্থিতি লক্ষ্য করে তিনি এ বিষয়ে উৎসাহিত হলেন। এ বিষয়ে বিভিন্ন মাধ্যম হতে তিনি জ্ঞানার্জন করেন। পাশাপাশি গ্রামের বেকার ও পরিবারের ওপর নির্ভরশীল যুবকদের একত্র করে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুললেন। প্রথম বছরে ১,০০,০০০ লক্ষ টাকা মুনাফা অর্জনের আশা করলেও মাত্র ৫০,০০০ টাকা মুনাফা হয়। এতে হতাশ না হয়ে আরও দক্ষ কর্মী নিয়োগ দেন। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে তার কাগজ বিদেশে রপ্তানি হয়।

ক. উদ্যোগ কাকে বলে?

খ. উদ্যোক্তাকে স্বাধীনচেতা মনোভাবের অধিকারী হতে হয়। ব্যাখ্যা করো।

গ. আহনাফের ব্যবসায়ে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? বর্ণনা করো।

ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে আহনাফের কার্যক্রম মূল্যায়ন করো।

উত্তরঃ

ক. কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়।

খ. স্বাধীনচেতা মনোভাব হলো নিজের চিন্তা, সিদ্ধান্ত ও কাজের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর না করে নিজে থেকে উদ্যোগ নেওয়ার মানসিকতা।

একজন উদ্যোক্তাকে ব্যবসার শুরু থেকে বাস্তবায়ন পর্যন্ত অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে উদ্যোক্তা যদি স্বাধীনচেতা হন, তাহলে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে তার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বলা যায়, একজন উদ্যোক্তার স্বাধীনচেতা মনোভাব থাকা খুবই প্রয়োজন।

গ. উদ্দীপকের আহনাফের ব্যবসায়ে আর্থিক ঝুঁকি বিদ্যমান।

আর্থিক ঝুঁকি বলতে ব্যবসা থেকে আশা করা মুনাফা না পাওয়ার সম্ভাবনাকে বোঝায়। লাভের আশায় একজন উদ্যোক্তা ঝুঁকি নিয়ে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। তিনি ব্যবসা থেকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা আশা করেন। কিন্তু বাজারের অনিশ্চয়তা, ভুল পরিকল্পনা বা হঠাৎ খরচ বেড়ে যাওয়ার কারণে আর্থিক ঝুঁকি তৈরি হয়।

উদ্দীপকে আহনাফ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন পড়ে কচুরিপানা থেকে কাগজ তৈরির উদ্যোগ নেন। এজন্য তিনি এ বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। প্রথম বছরে তিনি ১,০০,০০০ টাকা মুনাফা পাওয়ার আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি মাত্র ৫০,০০০ টাকা মুনাফা পান। অর্থাৎ তিনি প্রত্যাশার তুলনায় ৫০% কম মুনাফা অর্জন করেন। আর প্রত্যাশিত মুনাফার চেয়ে কম লাভ হওয়াই হলো আর্থিক ঝুঁকি। তাই বলা যায়, প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হওয়া আহনাফের ব্যবসায়ে আর্থিক ঝুঁকির উপস্থিতি দেখায়।

ঘ. কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ তৈরি ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে আহনাফের কার্যক্রম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

আর্থ-সামাজিক উন্নয়ন বলতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া এবং দেশের অর্থনৈতিক উন্নতি হওয়াকে বোঝায়। একজন সফল উদ্যোক্তা নতুন কাজের সুযোগ সৃষ্টি করেন, সম্পদের সঠিক ব্যবহার করেন এবং জাতীয় আয় বাড়াতে সাহায্য করেন। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে।

উদ্দীপকে আহনাফ কচুরিপানা থেকে কাগজ তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তিনি গ্রামের বেকার ও পরিবারের ওপর নির্ভরশীল যুবকদের একত্র করেন। এরপর তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে তৈরি করেন। প্রথম বছরে তিনি প্রত্যাশিত মুনাফা পাননি। তবুও তিনি হতাশ না হয়ে আরও দক্ষ কর্মী নিয়োগ দেন। বর্তমানে তিনি দেশের চাহিদা পূরণ করে তার তৈরি কাগজ বিদেশেও রপ্তানি করছেন।

আহনাফের এই ব্যবসার ফলে দেশের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে। তার প্রতিষ্ঠানে স্থানীয় বেকার যুবকদের কাজের সুযোগ হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আবার তার উৎপাদিত কাগজ বিদেশে রপ্তানি হওয়ায় কাগজ আমদানির খরচ কমেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এতে দেশের জাতীয় আয়ও বাড়ছে। ফলে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। তাই বলা যায়, আহনাফের কাজ দেশের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
মনি তার বন্ধু রনির নিকট জানতে পারলো যে রাষ্ট্রীয় একটি ব্যাংক কোনো প্রকার সুদ ছাড়াই উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে। নিজ এলাকার রাস্তাঘাট পাকা এবং পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ বিবেচনায় এনে তিনি হঠাৎ করেই চাকরি ছেড়ে একটি পশু খাদ্য উৎপাদনের কারখানা স্থাপন করেন। যদিও এ বিষয়ে তার পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতা ছিল না। কিছু দিন পর তার কারখানায় ডাকাতি সংঘটিত হলে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তিনি হতাশ হয়ে ভাবলেন চাকরি করাই তার জন্য ভালো ছিল।

ক. ঝুঁকি কাকে বলে?

খ. ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফল হলো ‘পণ্য বা সেবা’-কেন?

গ. মনির উদ্যোক্তা হওয়ার পিছনে কোন বিষয়ের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. মনির মতো উদ্যোক্তারা হাল ছেড়ে দেন কেন? উদ্দীপকের আলোকে মতামত দাও।

উত্তরঃ

ক. যেকোনো ভবিষ্যৎ অনিশ্চয়তা বা ক্ষতি হওয়ার আশঙ্কাই ঝুঁকি।

খ. ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফল হলো পণ্য বা সেবার সৃষ্টি।

ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নতুন ধারণা বা নতুন উদ্ভাবনকে বাস্তবে রূপ দেন। এই কাজের মাধ্যমে নতুন কোনো পণ্য বা সেবা তৈরি হয়। এর ফলে সমাজে নতুন পণ্য বা সেবার সরবরাহ নিশ্চিত হয়। এটি মানুষের চাহিদা পূরণে সাহায্য করে। তাই বলা যায়, ব্যবসায় উদ্যোগের আরেকটি ফল হলো নতুন পণ্য বা সেবা সৃষ্টি।

গ. মনির উদ্যোক্তা যওয়ার পিছনে সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত অবকাঠামোগত অনুকূল উপাদানের ভূমিকা রয়েছে।

ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। সরকারি সহায়তা, অবকাঠামোগত সুবিধা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা ইত্যাদি অনুকূল পরিবেশের উপাদান। এসব উপাদান উদ্যোক্তাকে ব্যবসা শুরু করতে উৎসাহিত করে। এর ফলে তারা সহজে ব্যবসা স্থাপন করতে পারে।

উদ্দীপকে মনি তার বন্ধু রনির কাছ থেকে জানতে পারে যে রাষ্ট্রীয় একটি ব্যাংক কোনো সুদ ছাড়াই উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে। এটি সরকারি পৃষ্ঠপোষকতার উদাহরণ। এই আর্থিক সহায়তা তাকে ব্যবসা শুরু করতে উৎসাহিত করেছে। এছাড়া তার এলাকায় রাস্তা ভালোভাবে পাকা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ছিল। এর ফলে তার জন্য ব্যবসা স্থাপন ও পরিচালনা করা সহজ হয়েছে। অর্থাৎ, ব্যবসা স্থাপনের জন্য সে উন্নত অবকাঠামোগত সুবিধা পেয়েছে। অনুকূল পরিবেশের এই দুটি উপাদান তাকে উদ্যোক্তা হতে উৎসাহিত করেছে। তাই বলা যায়, সরকারি সহায়তা ও উন্নত অবকাঠামো মনিকে উদ্যোক্তা হতে বিশেষভাবে সাহায্য করেছে।

ঘ. সুষ্ঠু পরিকল্পনার অভাব, প্রশিক্ষণের অভাব এবং আইন-শৃঙ্খলার অবনতির কারণে মনির মতো উদ্যোক্তারা হাল ছেড়ে দেন বলে আমি মনে করি।

উদ্যোক্তা হওয়ার জন্য পুঁজি বা সুযোগের পাশাপাশি সঠিক জ্ঞান ও প্রস্তুতি থাকা আবশ্যক। সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি অনেক সময় উদ্যোগকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ব্যবসায়িক ক্ষতির কারণ হতে পারে।
উদ্দীপকে মনি হঠাৎ করে চাকরি ছেড়ে পশু খাদ্য উৎপাদনের কারখানা স্থাপন করেন। কিন্তু এ বিষয়ে তার পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতা ছিল না। কিছু দিন পর তার কারখানায় ডাকাতি হয়। এতে তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ হয়ে পড়েন। তিনি ভাবলেন চাকরি করাই তার জন্য ভালো ছিল।

মনি হঠাৎ করে চাকরি ছেড়ে ব্যবসায় স্থাপনার মাধ্যমে তার ব্যবসায়ে সুষ্ঠু পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয়। পরিকল্পনার অভাবে তিনি সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করতে পারেননি। আবার জ্ঞান ও পূর্ব অভিজ্ঞতার অভাব তার মধ্যে প্রশিক্ষণের অভাবকে নির্দেশ করে। ফলে তিনি যথাযথভাবে ব্যবসায়ের কাজ সম্পাদন করতে পারেননি। এছাড়া তার দোকানে ডাকাতির ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্দেশ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এ ধরনের ঘটনা ঘটতো না। এতে তিনি হতাশ না হয়ে ব্যবসায় চালিয়ে যেতে পারতেন।

অতএব, সুষ্ঠু পরিকল্পনার অভাব, প্রশিক্ষণের অভাব এবং আইন-শৃঙ্খলার অবনতির কারণে মনির মতো উদ্যোক্তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে হাল ছেড়ে দেন।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
কালাম ও সালাম দুই বন্ধু। কালাম দশ বছর বিদেশ থাকার পর দেশে এসে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি পরিকল্পিতভাবে কিছু পুকুর ভাড়া করে মৎস্য চাষ শুরু করেন। পুকুরের গভীরতার স্তর অনুযায়ী মাছ চাষ করেন। ফলে কালাম মৎস্য চাষে সফলতা অর্জন করেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হন। আর সালাম নিজের পুকুরে মাছ চাষ করেও লাভবান হতে পারেননি। ফলে তিনি মাছ চাষ বন্ধ করে দেওয়ার চিন্তা করেন।

ক. ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?

খ. আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

গ. কালামের কর্মপ্রচেষ্টা কীসের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. কালামের তুলনায় সালামের মৎস্য চাষের ব্যর্থতার কারণ বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধার আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫]
রিপন ও লিমন যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে সমন্বিত চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নেয়। তারা তাদের গ্রামের নদীভাঙন রোধ, নির্মল বায়ু ও এলাকার মানুষের পুষ্টির চাহিদার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নদীর দুই পাড় বরাবর কিছু ফলদ ও ঔষধি গাছ রোপণের সিদ্ধান্ত নেন। অপরদিকে, লিমন নয় একরের একটি পুকুর ইজারা নিয়ে সমন্বিত মাছ ও হাঁস চাষ শুরু করেন। তিনি কয়েকজন শ্রমিকের সহযোগিতায় পুকুরের পাড় সংস্কার করে বিভিন্ন শাকসবজি ও ফলদ গাছ রোপণ করে আর্থিকভাবে লাভবান হন।

ক. দক্ষ মানবসম্পদ কী?

খ. আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে রিপন ও লিমনের গৃহীত সিদ্ধান্তটির ধরন কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. লিমনকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের কোন কোন উপাদান সহায়ক ভূমিকা পালন করেছে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো., ব. বো. ২৫]
যথাযথ জ্ঞান না থাকা সত্ত্বেও জনাব মারুফ প্রত্যন্ত অঞ্চলে স্টেশনারি সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে তিনি ব্যর্থ হন। অদক্ষ শ্রমিকের কারণে কাঁচামালের যথাযথ ব্যবহার না হওয়ায় তার উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলে তিনি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারেননি।

ক. ব্যবসায় উদ্যোগ কী?

খ. ‘উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান’-উক্তিটি ব্যাখ্যা করো।

গ. জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের কী কী উপায় অবলম্বন করতে পারেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মারুফের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫]
জনাব আবিদ একটি কাপড়ের দোকানে কয়েক বছর কাজ করার পর নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। দৃঢ় মনোবলের ফলে তিনি এরূপ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক। কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি প্রতিষ্ঠানে কয়েকজন কর্মী নিয়োগ দেন। সফলভাবে ব্যবসায় পরিচালনা করে তিনি প্রচুর মুনাফা অর্জন করছেন।

ক. উদ্যোগ কী?

খ. উদ্যোক্তা কোন কাজে বিশেষ আনন্দ পান? ব্যাখ্যা করো।

গ. জনাব আবিদের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বর্ণনা করো।

ঘ. উদ্যোক্তা হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আবিদের কার্যাবলির গুরুত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫]
পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী পরিবেশ দূষণ করে। তাই জনাব হানিফ সাহেব রিসাইক্লিং প্রক্রিয়ায় পরিত্যাক্ত প্লাস্টিক হতে শিশুদের বিভিন্ন খেলনা তৈরির কারখানা স্থাপন করলেন। তার কারখানায় কর্মচারী হিসেবে ১০ জন বেকার যুবক নিয়োগ দিলেন।

ক. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?

খ. নট্রামস কী? ব্যাখ্যা করো।

গ. জনাব হানিফ সাহেবের প্লাস্টিক থেকে খেলনা তৈরি উদ্যোক্তার কোন গুণের সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা করো।

ঘ. জনাব হানিফের মতো উদ্যোক্তার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫]
সাজেদা বেগম বিউটি পার্লারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে জেলা শহরে একটি বিউটি পার্লার স্থাপন করেন। তার পার্লারে ১০ জন কর্মচারী নিয়োজিত আছে। বর্তমানে তিনি পার্লারের পাশাপাশি একটি বাটিকের শোরুম স্থাপনের চিন্তা-ভাবনা করছেন।

ক. ফোর্ড কোন দেশের কোম্পানি?

খ. ব্যবসায় উদ্যোগের সাথে কোন বিষয়টির সম্পর্ক সর্বদা বিদ্যমান? ব্যাখ্যা করো।

গ. সাজেদা বেগমের মধ্যে উদ্যোক্তার যে সকল গুণাবলি ফুটে ওঠেছে তা ব্যাখ্যা করো।

ঘ. সাজেদা বেগমের মধ্যে উদ্যোগের যে সকল বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫]
জনাব আকাশ একজন ব্যবসায়ী। তার একটি দিঘী ছিল। তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে উত্ত দিঘীতে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। তার খামারে কাজ করে কর্মীগণ দক্ষতা অর্জন করে অনেকে নিজেই মৎস্য খামার চালু করেন।

ক. ব্যবসায় উদ্যোগ কী?

খ. আমাদের দেশের যুবকদের চাকরির প্রতি আগ্রহী হওয়ার কারণ ব্যাখ্যা করো।

গ. জনাব আকাশ আত্মকর্মী না কি উদ্যোক্তা? ব্যাখ্যা করো।

ঘ. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আকাশের ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫]
জনাব রিফাত উচ্চশিক্ষা শেষে তার জমানো ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ ঋণ নিয়ে একটি হলুদ, মরিচ গুড়া করার ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করেন। ভেজালমুক্ত মানসম্মত পণ্য হওয়ায় তার ব্যবসায়টি দ্রুত উন্নতি লাভ করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

ক. ঝুঁকি কী?

খ. উৎপাদন শিল্প বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব রিফাতকে কী নামে অভিহিত করা যেতে পারে? ব্যাখ্যা করো।

ঘ. “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব রিফাতের উদ্যোগটি অনুকরণীয় হতে পারে”- মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [ম. বো. ২৪]
জনাব সাজু কাকচিড়ায় একটি চিংড়ি মাছের আড়ত প্রতিষ্ঠা করেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথম দিকে লোকসান হয়। পরে মৎস্য সংরক্ষণের ওপর হাতেকলমে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ব্যবসায় পরিচালনা করেন। বর্তমানে তার তিনটি আড়তে ১২ জন লোকের কর্মের ব্যবস্থা হয়েছে। তিনি ব্যবসায় সফলতার সাথে দেশের বাইরেও চিংড়ি রপ্তানি করছেন।

ক. ঝুঁকি কী?

খ. সেবা শিল্প বলতে কী বোঝায়?

গ. জনাব সাজুর চিংড়ি আড়ত প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সাজুর ব্যবসায় সফলতার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [রা. বো. ২৪]
জনাব আসাদ আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করে নরসিংদী জেলায় বাবুরহাট এলাকায় স্বল্প পরিসরে একটি তাঁত শিল্প স্থাপন করেন। ব্যবসায়ের অনুকূল উপাদান, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি যোগান ও সরকারি পৃষ্ঠপোষকতার কারণে এ শিল্পের প্রচুর সম্ভাবনা তাকে অনুপ্রাণিত করে। দক্ষ কারিগর ও উন্নত কাঁচামালের কারণে তার উৎপাদিত পণ্যের গুণগতমান বেশ ভালো। ফলে বাজারে প্রচুর চাহিদা থাকায় অল্প দিনের মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০ জন লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত।

ক. পরিমিত পরিমাণ ঝুঁকি কী?

খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

গ. জনাব আসাদের ‘তাঁত শিল্প’ প্রতিষ্ঠার কারণ কী? বর্ণনা করো।

ঘ. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আসাদের মতো উদ্যোক্তার গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [দি. বো. ২৪]
জনাব আবীর স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবজি চাষের ওপর প্রশিক্ষণ নেয়। তিনি পরিবারের নিজস্ব জমিতে রাসায়নিক সারমুক্ত সবজি চাষ করেন। এই কার্যক্রমটি পরিচালনা করতে জনাব আবীরকে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয়। কিন্তু তিনি তাতে দমে যাননি। পক্ষান্তরে তার বন্ধু জনাব সবুজ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ডেইরি ফিড তৈরির কারখানা স্থাপন করেন। এতে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানে সহায়তা করেন।

ক. উদ্যোক্তা কীভাবে সৃষ্টি করা যায়?

খ. সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব আবীরের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা করো।

ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে জনাব সবুজের কার্যক্রম ব্যবসায় উদ্যোগের গুরুত্বের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [কু. বো. ২৪]
পদ্মাসেতু চালুর পরপরই ব‍্যবসা বাণিজ্যের গতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাদারীপুর জেলার বাসিন্দা মোতালেব মিয়া ভালোভাবেই পর্যবেক্ষণ করলেন পদ্মাসেতু দেখতে সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে। ভ্রমণের মধ্যে ভালোমানের খাবার সবাই আশা করবে।

তাই মোতালেব মিয়া একটি RENT-A-CAR এবং মানসম্মত রেস্তোঁরা প্রতিষ্ঠার কাজ শুরু করলেন।

ক. আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে?

খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে ২টি পার্থক্য লেখো।

গ. মোতালেব মিয়ার RENT-A-CAR ও রেস্তোরাঁ প্রতিষ্ঠায় উদ্যোক্তার কোন কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? বর্ণনা করো।

ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মোতালেব মিয়া কীভাবে অবদান রাখছেন? আলোচনা করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৫। [চ. বো. ২৪]
জনাব আকরাম একটি স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তার বাবার পতিত জমিতে সবজি বাগান করেন। তার সবজি বাগানটি সুবিধাজনক স্থানে হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা খুব সহজেই তার উৎপাদিত সবজি ক্রয় করতে পারে। বর্তমানে তার বাগানের সবজি স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। মূলধন বৃদ্ধি পাওয়ায় এখন তার বাগানে ২০ জনের অধিক দক্ষ শ্রমিক কাজ করে।

ক. ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশ কী?

খ. ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক ব্যাখ্যা করো।

গ. জনাব আকরামের ব্যবসায়টি গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদানগুলো বর্ণনা করো।

ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আকরামের ব্যবসায় প্রতিষ্ঠানটির গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৬। [সি. বো. ২৪]
মামুন সাহেব নাটোরের হালতি বিলের পাশে বিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিনোদন-সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান এবং যৌক্তিক প্রবেশ ফি নির্ধারণ করেন। প্রথম দিকে লোক সমাগম কম হলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে প্রচারণার ফলে বর্তমানে দর্শনার্থীদের সমাগম বৃদ্ধি পায়। ফলে তার আয়ের পরিমাণও বৃদ্ধি পায়।

ক. উদ্যোক্তা কে?

খ. “বস্তুত সকল শিল্পপ্রতিষ্ঠানের মালিকই উদ্যোক্তা”- ব্যাখ্যা করো।

গ. মামুন সাহেবের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজকে কী বলে? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকের আলোকে মামুন সাহেবের কাজটি আর্থ-সামাজিক উন্নয়নে কী ধরনের ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৭। [সি. বো. ২৪]
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে হেলাল প্রশিক্ষণ গ্রহণ করে। হেলাল ও তার বড় ভাই রফিক মিলে পারিবারিক পুকুরে মাছ চাষ করে তা বাজারে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বন্ধু-বান্ধব ঝুঁকির কথা বলে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করে। কিন্তু তারা দুই ভাই বন্ধুদের কথা না শুনে মাছ চাষ শুরু করে।

ক. ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী?

খ. “একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম”- ব্যাখ্যা করো।

গ. হেলালের মাছ চাষ শুরু করার কাজকে কী বলে? ব্যাখ্যা করো।

ঘ. বন্ধু-বান্ধবের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় হেলালের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment