৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেকোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। এই পোস্টে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
ঢাকা শহরে ২০২০ সালে Delicious Food প্রতিষ্ঠিত হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিষ্ঠানটি পণ্যের প্যাকেটের গায়ে বিশেষভাবে ‘DF’ চিহ্নটি ব্যবহার করে। ঐ বছরই টাঙ্গাইলের মেসার্স রাজ ট্রেডার্স প্রতিষ্ঠানটির পণ্য বিক্রির জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী Delicious Food শহরের কয়েকটি পয়েন্ট নির্ধারণ করে এবং দোকানের সাজসজ্জা নির্দিষ্ট করে দেয়। ২০২৩ সালে মেসার্স রাজ ট্রেডার্স নিজেরাই খাদ্য প্রস্তুত করে প্যাকেটের গায়ে ‘DF’ চিহ্ন দিয়ে বিক্রি শুরু করে। চুক্তি ভঙ্গের দায়ে ঢাকায় প্রতিষ্ঠানটি মামলা করে প্রতিকার লাভে ব্যর্থ হয়।

ক. মেধাসম্পদ কাকে বলে?

খ. ‘জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়’- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন ধরনের ব্যবসায়ের কথা বলা হয়েছে? বর্ণনা করো।

ঘ. Delicious Food মামলা করে প্রতিকার না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. মেধা ও মনন দিয়ে সৃষ্ট সম্পদকে মেধাসম্পদ বলে।

খ. মানুষের জীবনের আর্থিক নিরাপত্তার জন্য যে বিমা করা হয়, তাকে জীবন বিমা বলে।

মানুষের জীবনের আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না। তাই বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেয়। জীবন বিমার ক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে বা বিমাগ্রহীতার মৃত্যুর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। যেহেতু জীবনের ক্ষতি টাকার মাধ্যমে পুরোপুরি নির্ধারণ করা সম্ভব নয়, তাই জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না।

গ. উদ্দীপকে ফ্রানসাইজিং ব্যবসায়ের কথা বলা হয়েছে।

ফ্রানসাইজিং ব্যবসায়ে চুক্তির মাধ্যমে একটি কোম্পানি (ফ্রানসাইজর) তার পরিচিত ব্র্যান্ড নাম, ট্রেডমার্ক, ব্যবসার পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহারের অধিকার অন্য একটি পক্ষকে (ফ্রানসাইজি) দেয়। এর বদলে ফ্রানসাইজর নির্দিষ্ট ফি বা রয়্যালটি পায়। এই চুক্তির মাধ্যমে ফ্রানসাইজর তার পণ্যের মান ও বিক্রয় পদ্ধতি নিয়ন্ত্রণ করে।

উদ্দীপকে দেখা যায়, ঢাকা শহরের ‘Delicious Food’ প্রতিষ্ঠানটি তাদের পণ্যের প্যাকেটে ‘DF’ চিহ্ন ব্যবহার করে, যা তাদের ব্র্যান্ড বা ট্রেডমার্ক। তারা টাঙ্গাইলের ‘মেসার্স রাজ ট্রেডার্স’-এর সাথে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী, Delicious Food (ফ্রানসাইজর) শহরের কয়েকটি বিক্রয় কেন্দ্র ঠিক করে দেয়। এছাড়া দোকানের সাজসজ্জাও তারা নির্দিষ্ট করে দেয়। এই শর্তগুলো ফ্রানসাইজিং চুক্তির প্রধান বৈশিষ্ট্য। এর মাধ্যমে ফ্রানসাইজর তার ব্র্যান্ডের মান ও পরিচিতি বজায় রাখতে ফ্রানসাইজির কাজ নিয়ন্ত্রণ করে। মেসার্স রাজ ট্রেডার্স (ফ্রানসাইজি) Delicious Food-এর ব্র্যান্ড নাম ও পদ্ধতি ব্যবহার করে পণ্য বিক্রির অধিকার পায়। তাই বলা যায়, ব্র্যান্ড ব্যবহার, বিক্রয় এবং ব্যবসা পরিচালনার পদ্ধতির ভিত্তিতে উদ্দীপকের ব্যবসাটি ফ্রানসাইজিং।

ঘ. Delicious Food মামলা করে প্রতিকার না পাওয়ার কারণ হলো তাদের ট্রেডমার্ক বা ব্র্যান্ড নামটির নিবন্ধন না থাকা।

কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার জন্য যে আলাদা প্রতীক, নাম বা চিহ্ন ব্যবহার করে, তাকে ট্রেডমার্ক বলা হয়। ট্রেডমার্ক নিবন্ধন হলো মেধাসম্পদ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইনি প্রক্রিয়া। ট্রেডমার্ক নিবন্ধিত হলে এর মালিক এটি একাই ব্যবহারের আইনি অধিকার পান।

উদ্দীপকের Delicious Food তাদের পণ্যের প্যাকেটে ‘DF’ চিহ্ন ব্যবহার করত, যা তাদের ট্রেডমার্ক। তারা মেসার্স রাজ ট্রেডার্স-এর সাথে ফ্রানসাইজিং ব্যবসা শুরু করে। শুরুতে মেসার্স রাজ ট্রেডার্স চুক্তি অনুযায়ী সব নিয়ম মেনে ব্যবসা চালাত। কিন্তু তিন বছর পর তারা চুক্তি ভেঙে নিজেরাই খাদ্য তৈরি করে প্যাকেটের গায়ে ‘DF’ চিহ্ন ব্যবহার করে বিক্রি শুরু করে। এটি ট্রেডমার্ক আইনের স্পষ্ট লঙ্ঘন। Delicious Food এই কারণে মামলা করলেও প্রতিকার পায়নি। এর প্রধান কারণ হলো ট্রেডমার্ক নিবন্ধিত না থাকা।

বাংলাদেশের ট্রেডমার্ক আইন অনুযায়ী, কোনো ট্রেডমার্কের মালিকানা ও একক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নিবন্ধনের মাধ্যমে। ‘DF’ চিহ্নটি নিবন্ধিত না থাকায় Delicious Food আইনিভাবে প্রমাণ করতে পারেনি যে তারা এই চিহ্নের একমাত্র আসল মালিক। তাই ‘DF’ চিহ্নটি আইনগতভাবে সুরক্ষিত ছিল না। এজন্য চুক্তি ভঙ্গ হলেও ট্রেডমার্কের অবৈধ ব্যবহারের জন্য তারা কোনো আইনি প্রতিকার পায়নি। ট্রেডমার্কটি নিবন্ধিত থাকলে Delicious Food সহজেই প্রমাণ করতে পারত যে মেসার্স রাজ ট্রেডার্স তাদের মেধাসম্পদ চুরি করেছে। তখন তারা আদালতের মাধ্যমে দ্রুত প্রতিকার পেত। তাই বলা যায়, Delicious Food-এর মামলা করে প্রতিকার না পাওয়ার মূল কারণ ছিল ট্রেডমার্ক নিবন্ধন না থাকা।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব সবুজ একজন উদ্ভাবক। তিনি দীর্ঘদিন গবেষণা করে এমন একটি সৌরশক্তি চালিত পানি সেচের যন্ত্র আবিষ্কার করেন যেটি বাজারে প্রচলিত অন্যান্য সেচ যন্ত্র থেকে আলাদা। জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এটি প্রথম স্থান অধিকার করে। তিনি এটি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বাজারে ছাড়েন এবং ব্যাপক সাড়া পান। কিছুদিনের মধ্যেই অন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানি তার এ যন্ত্র নকল করে বাজারজাত করে। কিন্তু তিনি ঐ কোম্পানির বিরুদ্ধে মামলা – করেও আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেননি।

ক. পেটেন্ট বলতে কী বোঝ?

খ. কপিরাইটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. জনাব সবুজের পানি সেচ যন্ত্রটি কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সবুজ কোনো আইনি সহায়তা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. যে চুক্তির মাধ্যমে আবিষ্কৃত জিনিসের ওপর আবিষ্কারককে নির্দিষ্ট মেয়াদের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়, তাকে পেটেন্ট বলে।

খ. লেখক বা শিল্পীর সৃষ্টিকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য একক আইনগত অধিকার নিশ্চিত করার জন্যই কপিরাইট প্রয়োজন।

কপিরাইটের প্রধান উদ্দেশ্য হলো কোনো সৃষ্টিকর্ম নকল হওয়া থেকে রক্ষা করা এবং আসল লেখক, শিল্পী বা স্বত্বাধিকারীর অধিকার সুরক্ষা করা। কপিরাইট আইন অনুযায়ী একজন উদ্ভাবক তার তৈরি কাজের ওপর পূর্ণ অধিকার পান। এর ফলে অন্য কেউ তা সহজে নকল করতে পারে না। উদ্ভাবক তার শ্রম ও মেধার সঠিক মূল্য পান। এভাবেই কপিরাইট মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করে। তাই কপিরাইটের অনেক প্রয়োজনীয়তা রয়েছে।

গ. উদ্দীপকের জনাব সবুজের পানি সেচ যন্ত্রটি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। মনন ও মেধা দিয়ে তৈরি করা কাজই মেধাসম্পদ। এ ধরনের সম্পদ তৈরি করতে ব্যক্তিকে দীর্ঘ সময় গবেষণা ও চেষ্টা করতে হয়। পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি মেধাসম্পদের উদাহরণ।

উদ্দীপকের জনাব সবুজ একজন উদ্ভাবক। তিনি একটি পানি সেচ যন্ত্র তৈরি করেছেন। এটি সৌরশক্তি দিয়ে চালানো যায়। এটি বাজারের অন্য সেচ যন্ত্রের থেকে আলাদা। এখানে কীভাবে সৌরশক্তি জমা হবে এবং ব্যবহার করা হবে তা নিয়ে জনাব সবুজ দীর্ঘদিন গবেষণা করেছেন। এরপর তিনি নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করে সৌরশক্তি চালিত পানি সেচ যন্ত্র আবিষ্কার করেছেন। তিনি নিজের মেধা ব্যবহার করেই এই যন্ত্রটি তৈরি করেছেন। এসব বৈশিষ্ট্য মেধাসম্পদের সাথে মিলে যায়। তাই এই যন্ত্রটিকে মেধাসম্পদ বলা যায়।

ঘ. পেটেন্ট চুত্তি না থাকায় জনাব সবুজ কোনো আইনি সহায়তা পাননি।

নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার পাওয়ার জন্য পেটেন্ট করা হয়। সরকারের সাথে এই চুক্তি করতে হয়। এর মাধ্যমে আবিষ্কারক তার আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার পান। কেউ পণ্য নকল করলে আবিষ্কারক পেটেন্ট চুক্তির মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে পারেন।

উদ্দীপকের জনাব সবুজ একটি পানি সেচ যন্ত্রের উদ্ভাবক। তিনি সৌর চালিত পানি সেচের যন্ত্র আবিষ্কার করেন। কিন্তু যন্ত্রটি বাজারে ছাড়ার পর কিছুদিনের মধ্যেই অন্য একটি প্রতিষ্ঠান সেটি নকল করে বাজারে ছাড়ে। এক্ষেত্রে জনাব সবুজ মামলা করলেও কোনো আইনি সহায়তা পাননি।

জনাব সবুজের উদ্ভাবিত যন্ত্রটির পেটেন্ট করা ছিল না। ফলে তিনি যে প্রকৃত আবিষ্কারক, তার কোনো প্রমাণ তার কাছে নেই। তাই তার মেধাসম্পদটি আইনগতভাবে সুরক্ষিত হয়নি। এজন্য মামলা করেও নকলকারীর বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। তাই বলা যায়, পেটেন্ট চুক্তি না থাকায় জনাব সবুজ মামলা করেও কোনো প্রতিকার পাননি।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
জনাব হাবিব চীনের ‘PAEL’ ইলেকট্রনিক কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী নৌপথে দেশে আনয়ন করেন। তিনি ‘PAEL’ ইলেকট্রনিক কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে তাদের নাম ব্যবহার করে দেশের ভিতরে উন্নতমানের এসি, ফ্রিজ তৈরি করেন। তিনি বিনিময়ে উক্ত কোম্পানিকে নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করেন। একবার জনাব হাবিব নৌপথে ইলেকট্রনিক সামগ্রী আনার সময় জাহাজটি সুনামির কবলে পতিত হয়। এতে তিনি বিরাট ক্ষতির সম্মুখীন হন।

ক. ট্রেডমার্ক কী?

খ. বিএসটিআই কী? ব্যাখ্যা করো।

গ. ‘PAEL’ ইলেকট্রনিক কোম্পানির সাথে জনাব হাবিব কোন ধরনের আইনগত চুক্তি করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব হাবিবের আর্থিক ক্ষতি মোকাবিলার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫]
জনাব চয়ন চৌধুরী দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন ধানের বীজ উদ্ভাবন করেন। এই বীজ থেকে অতি অল্প সেচে এবং অল্প সময়ে ধান উৎপন্ন হয়। তিনি বিশেষ চিহ্ন বিশিষ্ট প্যাকেটে উদ্ভাবিত ধানের বীজ বাজারে বিক্রি করে থাকেন। কিন্তু একটি অসাধু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বীজের অনুরূপ ধানের বীজ নকল করে বাজারজাত করছে। যথাযথ প্রমাণের অভাবে জনাব চয়ন চৌধুরী উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেননি। ফলে ক্ষতির সম্মুখীন হন এবং সৃজনশীল কাজের প্রতি তিনি উৎসাহ হারিয়ে ফেলেন।

ক. দুর্ঘটনা বিমা কী?

খ. ফ্রানসাইজিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব চয়ন চৌধুরীর বীজের প্যাকেটে ব্যবহৃত বিশেষ চিহ্নটিকে আইনের দৃষ্টিতে কী বলে? ব্যাখ্যা করো।।

ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনার চয়ন চৌধুরী কর্তৃক আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো., ব. বো. ২৫]
জনাব আরিফ একটি শিশুখাদ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক। শিশুখাদ্য প্রস্তুত করে বাজারজাত করার পূর্বে প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণে সন্তোষজনক হওয়ায় সরকার কর্তৃক একটি সনদপত্র গ্রহণ করে। তার প্রতিষ্ঠান যাতে অদূর ভবিষ্যতে হুমকির সম্মুখীন না হয় সেজন্য তিনি লোকসান পূরণে অন্য একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন।

ক. লাইসেন্স কী?

খ. “স্বাতন্ত্র্যতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়”- ব্যাখ্যা করো।

গ. জনাব আরিফ কোন সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫]
জনাব সুমন একজন উদ্ভাবক। তিনি দীর্ঘদিন গবেষণা করে নতুন এক প্রকারের ধানের বীজ আবিষ্কার করেন যেটি দুই মাসের মধ্যেই ধান উৎপাদন হবে। তিনি তার পণ্য প্যাকেটজাত করে বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাত করেন এবং ভালো সাড়া পান। কিছুদিনের মধ্যে অন্য একটি প্রতিষ্ঠান তার ধানবীজের প্যাকেটের নির্দিষ্ট চিহ্ন নকল করে বাজারজাত করে। কিন্তু তিনি এ কোম্পানির বিরুদ্ধে মামলা করেও কোনো আইনগত সহায়তা পাননি।

ক. ফ্রানসাইজিং কী?

খ. কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? ব্যাখ্যা করো।

গ. জনাব সুমনের আবিষ্কার কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সুমনের আইনি সহায়তা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫]
জনাব জাকির হোসেন চট্টগ্রামের একজন নামকরা রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি হোটেল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি আমেরিকার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিতরণ করবেন। সুনামের সাথে ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

ক. পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

খ. পেটেন্ট কী? ব্যাখ্যা করো।

গ. জনাব জাকির হোসেন কোন ধরনের চুক্তি করেছিলেন? বর্ণনা দাও।

ঘ. জনাব জাকির হোসেনের কোন ধরনের পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫]
বাংলাদেশের ‘M’ ফার্নিচার কোম্পানি মালয়েশিয়ার ‘X’ কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে এদেশে আসবাবপত্র তৈরি করে বিক্রি করছে। পণ্যের গুণ, মান এবং ডিজাইন আকর্ষণীয় হওয়ায় বাংলাদেশের বাজারে এ পণ্যের দ্রুত চাহিদা বেড়ে যায় এবং প্রচুর মুনাফা অর্জন করে সফল হয়েছে।

ক. পেটেন্ট কী?

খ. পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠানটির কাজ ব্যাখ্যা করো।

গ. ‘M’ ফার্নিচার ও ‘X’ কোম্পানির মাঝে কী ধরনের চুক্তি হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. চুক্তিতে আবদ্ধ হয়ে ব্যবসায় করার ফলে ‘M’ কোম্পানি যে সকল সুবিধা ভোগ করছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫]
হিমেল ও রুবেল দুই বন্ধু। একই বাজারে পাশাপাশি দুইজনের দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। অগ্নিকান্ডে দুইজনের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। বিমা চুক্তি থাকায় রুবেল ক্ষতিপূরণ পেয়ে ব্যবসায় চালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে, বিমা চুক্তি না থাকায় হিমেলের ব্যবসায় বন্ধ হয়ে যায়।

ক. কপিরাইট কোন ধরনের সম্পদ?

খ. বাংলাদেশে কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? ব্যাখ্যা করো।

গ. রুবেল কোন ধরনের বিমা চুক্তি করেছিল? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে বিমার গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫]
জনাব রাকিব সরিষা থেকে ভোজ্যতেল তৈরি করার একটি কারখানা স্থাপন করেন। উৎপাদিত ভোজ্যতেল বোতলজাত করে বাজারে সরবরাহ করা হয়। তার পণ্য অন্যদের পণ্য থেকে স্বতন্ত্র এবং একচেটিয়া মালিকানা পাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন। তার উৎপাদিত বোতলজাত সরিষার তেল সহজেই চেনার উপায় হিসেবে প্রতিটি মোড়কের গাঁয়ে ‘U’ অক্ষরটি ব্যবহার করা হয়।

ক. পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি?

খ. বিমা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব রাকিবের উৎপাদিত পণ্যের একচেটিয়া মালিকানা পাওয়ার মাধ্যমটি বর্ণনা করো।

ঘ. জনাব রাকিব উৎপাদিত পণ্যের মোড়কের গাঁয়ে ‘U’ চিহ্ন ব্যবহারের ফলে কী কী সুবিধা পেতে পারে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [ঢা. বো. ২৪]
জনাব জাকির পেশায় একজন চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি আবিষ্কারের কাজও করে থাকেন। সম্প্রতি তিনি নতুন এক ধরনের খাবার স্যালাইন আবিষ্কার করেছেন, যা সহজেই পানিতে দ্রবণীয় এবং দ্রুত পানিশূন্যতা দূর করে। আমাদের দেশে এর আগে এমন স্যালাইন আর কেউই আবিষ্কার করেনি। তাই তিনি চাচ্ছেন এমন কোনো ব্যবস্থা, যার মাধ্যমে তার এ আবিষ্কারের স্বত্ব তারই থাকবে। এক আইনজীবী বন্ধুর সাহায্যে তিনি সরকারের কাছ থেকে এ মর্মে স্বীকৃতি পেলেন। তিনি ভাবছেন, এতে তার আবিষ্কারটি অক্ষুণ্ণ থাকবে; পাশাপাশি আর্থিকভাবেও তিনি ক্ষতির মুখে পড়বেন না।

ক. ফ্রানসাইজিং কী?

খ. জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না কেন? ব্যাখ্যা করো-।

গ. জনাব জাকির কর্তৃক খাবার স্যালাইন আবিষ্কার কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত? বিশ্লেষণ করো।

ঘ. স্যালাইন আবিষ্কার আইনগত স্বত্ব জনাব জাকিরকে কোন কোন সুবিধা প্রদান করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [ম. বো. ২০২৪]
আরবিসি কোম্পানি মানসম্মত পণ্য সরবরাহ করে দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ও সরকারের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে অন্য কোনো কোম্পানি তাদের পণ্য নকল করে বাজারে সরবরাহ করতে পারছে না। তারা উৎপাদিত পণ্যের ওপর RBC অক্ষর ব্যবহার করে থাকে।

ক. ফ্রানসাইজিং কী?

খ. লাইসেন্স বলতে কী বোঝায়?

গ. সরকারের সাথে আরবিসি কোম্পানি কোন ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছে? বর্ণনা করো।

ঘ. কোম্পানিটির পণ্যের গায়ে RBC অক্ষর ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [রা. বো. ২৪]
মি. মমতাজ চট্টগ্রামের নামকরা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি হোটেল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করবেন। সুনামের সাথে ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

ক. মেধাসম্পদ কী?

খ. ট্রেডমার্ক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. মি. মমতাজ কোন ধরনের চুক্তি করেছিলেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. মমতাজের কোন ধরনের পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪]
জনাব সৌমেন কিছু ভোগ্যপণ্য উৎপাদনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানের নিকট অনুমতি চেয়ে আবেদন করেন। পণ্যটি কী কী উপাদান দিয়ে তৈরি করবেন তার একটি কপি সৌমেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট জমা দেন। কয়েক মাস পরে কর্তৃপক্ষ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিদর্শনে যায় এবং তালিকা অনুযায়ী পণ্য উৎপাদন না করায় সৌমেনের প্রতিষ্ঠানকে জরিমানা করে। অপরদিকে জনাব জসিম স্থানীয় বাজারে বিভিন্ন পণ্যের ব্যবসায় করে লাভবান হয়েছে। জসিম এখন ব্যবসায়টি দেশের বিভিন্ন জেলাতে সম্প্রসারণ করতে চায়। কিন্তু বিভিন্ন ঝুঁকির কথা বিবেচনা করে সাহস পায় না। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের সাথে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে সফলভাবে ব্যবসায় পরিচালনা করছে।

ক. ফ্রানসাইজিং কী?

খ. লাইসেন্স বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব সৌমেন অনুমতির জন্য কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে জনাব জসিমের ব্যবসায় সহযোগিতা করা প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৫। [কু. বো. ২৪]
পটুয়াখালীতে মুগডালের ব্যাপক চাষ হয়। কিন্তু ডাল ভাংগানোর মেশিনের অভাবে চাষিরা খোসাসহ ডাল কমদামে বিক্রি করে দিত। স্থানীয় ব্যবসায়ী জুয়েল আহমেদ বিদেশ থেকে মেশিন আমদানির ব্যবস্থা করেন। মেশিনগুলো সমুদ্র পথে আসবে তাই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ক. যন্ত্রপাতির সুরক্ষায় কোন বিমা গ্রহণ করা হয়?

খ. “কপিরাইট চুক্তিপত্র” গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।.

গ. জনাব জুয়েল আহমেদের গৃহীত বিমাটি কী? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ঝুঁকি নিরসনে জনাব জুয়েল আহমেদের প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৬। [চ. বো. ২৪]
জনাব সাজু একজন উদ্ভাবনকারী। তিনি দীর্ঘদিন গবেষণা করে সৌরশক্তিকে কাজে লাগিয়ে ইঞ্জিনচালিত স্পিডবোট তৈরি করেন। এটি অল্প সময়ে কম ব্যয়ে বাজারে দ্রুত প্রসার লাভ করে। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি অনুরূপ স্পিডবোট নকল করে কম দামে বাজারজাত করেন। কিন্তু কোনোরূপ লেবেল, স্বাক্ষর, টিকিট ব্যবহার করেননি। উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে জনাব সাজু আইনি সুবিধা ভোগ করেন।

ক. লাইসেন্স কী?

খ. ফ্রানসাইজিং বলতে কী বোঝ? ব্যাখা করো।

গ. জনাব সাজুর স্পিডবোট আবিষ্কার কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সাজুর আইনগত সুবিধা ভোগের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৭। [সি. বো. ২৪]
জনাব হাসান একজন চাকরিজীবী। তিনি রাজশাহীতে বসবাস করলেও প্রতিদিন নাটোর গিয়ে অফিস করেন। তিনি ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার কথা ভেবে বিমা করেছেন। তিনি নিয়মিত নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করেন। তার অবর্তমানে তার স্ত্রীকে ক্ষতিপূরণ বাবদ বিমাকৃত টাকা গ্রহণের নমিনী করেন। অন্যথায় তার জীবিত অবস্থায় তিনি মেয়াদান্তে বোনাসসহ সম্পূর্ণ টাকা পাবেন।

ক. পেটেন্ট কী?’

খ. নৌ বিমা কেন করা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব হাসান সাহেব কোন ধরনের বিমা চুক্তি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকে বর্ণিত বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়”- উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৮। [য. বো. ২৪]
দিনাজপুরের জনাব সামিউল আলম একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের চারু ও কারুকলা বিষয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি পোশাক ডিজাইন করেন। ‘নীল অপরাজিতা’ নামে তার পোশাক ইতোমধ্যে একটা বিশেষ ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি একজন ভাস্কর এবং ভালো ছবিও আঁকতে পারেন। তিনি বিভিন্ন সময়ে খ্যাতিমান লোকদের ছবি তৈল চিত্রে ফুটিয়ে তুলেন। খড়িমাটির মধ্যে পৃথিবীর বিখ্যাত মনীষীদের ছবি খোদাই করে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। তার কয়েকটি চিত্র ও ভাস্কর্য নন্দিত হওয়ায় তিনি এগুলো আইনগত সুরক্ষার ব্যবস্থা করেছেন।

ক. পেটেন্ট কী?

খ. পণ্যের মান সংরক্ষণে BSTI গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের “নীল অপরাজিতা” নামটি ব্যবসায়ের কোন আইনগত দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

ঘ. অঙ্কিত ছবি ও ভাস্কর্য সুরক্ষায় গৃহীত আইন ব্যবস্থার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৯। [ব. বো. ২৪]
জসিম সাহেব একজন লেখক। তিনি দুই বছর সময় নিয়ে একটি উপন্যাস লেখেন। পরবর্তীতে একটি স্বনামধন্য প্রকাশনী থেকে দুই হাজার কপি ছাপিয়ে বাজারজাত করেন। তার উপন্যাসটির মান ভালো হওয়ায় কিছু দিনের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু একটি প্রকাশনী তার বইটি নকল করে বাজারজাত করে। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরবর্তীতে অসাধু চক্রকে চিহ্নিত করে নিকটবর্তী থানায় অভিযোগ জানান। দায়িত্বরত পুলিশ অফিসার সবকিছু শুনে অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলে জানান।

ক. ফ্রানসাইজিং কী?

খ. BSTI কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জসিম সাহেবের কাজটি কোন সম্পদের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. অসাধু চক্রের বিরুদ্ধে জসিম সাহেব আইনগত সহায়তা কেন নিতে পারেননি? যুক্তিসহ তোমার মতামত দাও।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment