একটি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এই পোস্টে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] ব্যবসায় স্থাপন ও পরিচালনা-সংক্রান্ত জটিলতা ও ঝুঁকির কথা চিন্তা করে জনাব মেহরাজ এ কাজে এগিয়ে আসতে চাননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে তিনি ঢাকার অদূরে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে অল্পদিনেই সফলতা লাভ করেন। সম্প্রতি প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানে উন্নতমানের যন্ত্রপাতির ব্যবহারের ফলে তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। ক. বিসিকের একটি কাজ উল্লেখ করো। খ. বাণিজ্যিক ব্যাংকের দুটি কাজ উল্লেখ করো। গ. জনাব মেহরাজ গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হলেন কেন? ব্যাখ্যা করো। ঘ. বর্তমান পরিস্থিতিতে জনাব মেহরাজের সহায়তার প্রয়োজন আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. বিসিকের একটি প্রধান কাজ হলো দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য উদ্যোক্তাদের বিনিয়োগে পরামর্শ দান করা।
খ. বাণিজ্যিক ব্যাংকের দুটি কাজ হলো-
১. আমানত গ্রহণ: বাণিজ্যিক ব্যাংক সাধারণত চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে।
২. ঋণ প্রদান: সংগৃহীত আমানত থেকে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে গ্রাহকদের ঋণদান করে।
গ. জনাব মেহরাজ বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দীপনামূলক সহায়ক সেবার কথা শুনে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হন।
ব্যবসায় ও শিল্প উদ্যোগে সহায়তাকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো দেশে ব্যবসায় বা শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন এবং পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করে। নতুন উদ্যোক্তাদের জন্য এই ধরনের সহায়তাই উদ্দীপনামূলক সেবা।
উদ্দীপকের জনাব মেহরাজ ব্যবসায় স্থাপন ও পরিচালনা সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে চিন্তিত ছিলেন, তাই তিনি আগে এ কাজে এগিয়ে আসেননি। কিন্তু পরে বিভিন্ন গণমাধ্যমে সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে তিনি ঢাকার অদূরে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। এখানে তিনি প্রথমে ঝুঁকি নিতে আগ্রহী না থাকলেও পরবর্তীতে আগ্রহী হয়ে ওঠেন। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহায়তার বিষয়টি তাকে উৎসাহিত করেছে। এটি উদ্দীপনামূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপনামূলক সহায়তাই মেহরাজকে ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী করে তোলে।
ঘ. বর্তমান পরিস্থিতিতে জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
ব্যবসায়ের কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষণমূলক সহায়তা দিয়ে থাকে। উদ্যোক্তার ব্যবসায়কে সফলভাবে পরিচালনা করার জন্য এ ধরনের সেবা প্রদান করা হয়।
উদ্দীপকের জনাব মেহরাজের শিল্প পরিচালনায় সহায়তার প্রয়োজন আছে। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ে সফলতা অর্জন করেছেন। কিন্তু বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করায় তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় জনাব মেহরাজ বিভিন্ন সরকারি ও বেসরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা নিতে পারেন। এর মাধ্যমে তিনি গার্মেন্টস ফ্যাক্টরির আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন এবং সম্প্রসারণ করতে পারবেন। এতে তিনি প্রতিযোগিতা মোকাবিলা করতে পারবেন এবং রপ্তানিযোগ্য পোশাক তৈরি করা তার জন্য সহজ হবে।
তাই বলা যায়, প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তা গ্রহণ করা প্রয়োজন।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] সায়মা হক ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করতেন। তাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকায় ‘সায়মা ফুড প্রোডাক্টস’ নামে একটি উন্নতমানের ও রপ্তানিমুখী কারখানা স্থাপন করেন। এজন্য তিনি একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০০ জন কর্মচারী নিয়োজিত আছেন। ক. চলতি মূলধন কাকে বলে? খ. নারী শিল্পোদ্যোক্তা হওয়ার শর্ত কী? ব্যাখ্যা করো। গ. সায়মা হকের মতো উদ্যোক্তাদের উপরিউক্ত সহায়তা দানে সরকারি কোন প্রতিষ্ঠান নিয়োজিত আছে? ব্যাখ্যা করো। ঘ. দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হকের ভূমিকা মূল্যায়ন করো। |
উত্তরঃ
ক. ব্যবসায়ের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন হয়, তাকে চলতি মূলধন বলে।
খ. একজন নারী যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হন তাহলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন।
কোনো নারী অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের শেয়ারহোল্ডারদের মধ্যে ন্যূনতম ৫১% শেয়ারের মালিক হলে তাকে নারী উদ্যোক্তা বলা হয়। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো নারী স্বত্বাধিকারী হলে তাকেও নারী উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়।
গ. সায়মা হকের মতো উদ্যোক্তাদের শিল্প স্থাপনে সহায়তাদানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) নিয়োজিত আছে।
বিডিবিএল হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক। এটি দেশে ব্যবসায় বা শিল্প উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন এবং পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দিয়ে থাকে। উদ্দীপকের সায়মা হক পড়াশোনা শেষ করে ‘সায়মা ফুড প্রোডাক্টস’ নামে একটি কারখানা গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি স্থাপন ও পরিচালনার জন্য তিনি একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। এ ধরনের সহায়তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) দিয়ে থাকে। বিডিবিএল দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে।
এছাড়া এটি ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে। এটি নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে, যা সায়মা হকও পেয়েছেন। সুতরাং, সায়মা হকের মতো উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য সরকারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) নিয়োজিত রয়েছে।
ঘ. উদ্দীপকে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হকের মতো উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়।
ব্যবসায় উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের শিল্প উদ্যোগ অনেক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। উদ্দীপকে সায়মা হক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ‘সায়মা ফুড প্রডাক্টস’ নামে একটি কারখানা স্থাপন করেন। এতে সায়মা হকের নিজের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয়। একই সাথে তার প্রতিষ্ঠানে ৩০০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। তারা নিজেদের ও পরিবারের আর্থিক সমস্যা দূর করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
এতে দেশের মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি পায়। সায়মা হকের সফলতা দেখে অন্যরাও উৎসাহিত হয়ে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
সুতরাং, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হকের মতো নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫] মিসেস ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। এ শিল্প স্থাপন করতে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি একটি প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। একজন নারী উদ্যোক্তা হওয়ায় তিনি প্রতিষ্ঠানটি থেকে সহজেই সহায়তা পান। কারখানাটিতে ৫০০ জন শ্রমিক নিয়োজিত আছে। বর্তমানে সরকার কারখানটির ৩০% কর মওকুফ করে। ক. BASIC-এর পূর্ণরূপ কী? খ. মহিলা অধিদপ্তরের কাজ কী? ব্যাখ্যা করো। গ. মিসেস ফাহমিদার কারখানায় সহায়তার ধরন ব্যাখ্যা করো। ঘ. মিসেস ফাহমিদার মতো উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫] রাজশাহীর সোনালী দত্ত সিরাজগঞ্জ ও নাটোর থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। তিনি অর্থের অভাবে তার ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তার এক বন্ধু তাকে একটি ব্যাংকের নাম বলে, যেখানে তার মতো ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং ঋণ গ্রহণ করেন। সোনালী দত্ত তার ব্যবসায়ের সম্প্রসারণ করেন এবং অল্প দিনের মধ্যেই একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ক. উদ্দীপনামূলক সহায়তা কী? খ. মহিলা অধিদপ্তরের কাজ কী? ব্যাখ্যা করো। গ. সোনালী দত্তের ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান কোনটি? ব্যাখ্যা করো। ঘ. একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে হলে সোনালী দত্তকে কোন কোন যোগ্যতা অর্জন করতে হবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো., ব. বো. ২৫] বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে জনাব মুহিবুল সাভারে বিসিক শিল্প এলাকায় ‘মুহিবুল লেদার’ নামে একটি উন্নতমানের ও রপ্তানিমুখী কারখানা স্থাপন করেন। এজন্য তিনি একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। তার কারখানায় চামড়ার তৈরি বিভিন্ন ব্যাগ, বেল্ট ও জুতা ভালো মানের হওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই কারখানায় ২০০ জন কর্মচারী নিয়োজিত আছে। ক. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? খ. অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক? ব্যাখ্যা করো। গ. জনাব মুহিবুলের সহায়তা দানকারী সরকারি প্রতিষ্ঠানের ধরন কোনটি? ব্যাখ্যা করো। ঘ. ‘মুহিবুল লেদার’ প্রতিষ্ঠানটিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কোন সহায়ক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫] খুলনা শহরের সাদিয়া আফরোজ একটি সরকারি প্রতিষ্ঠান থেকে থ্রি-পিসের ওপর বাটিকের কাজের প্রশিক্ষণ নেন। তিনি ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। ২০১০ সালে তিনি বাটিকের যন্ত্র আবিষ্কার করে সাড়া ফেলে দেন। তিনি একজন নারী আবিষ্কারক হওয়ায় বর্তমানে বিশেষ প্রণোদনা পাচ্ছেন। এছাড়া বিভিন্ন মেয়াদে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাও ভোগ করেন। ক. বিসিক-এর প্রধান কাজ কী? খ. একজন নারী কীভাবে একজন শিল্পোদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়? ব্যাখ্যা করো। গ. সাদিয়া আফরোজ কোন সরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নেন? বর্ণনা করো। ঘ. জাতীয় শিল্পনীতি-২০১০ অনুযায়ী সাদিয়া আফরোজের প্রাপ্ত সহায়তার ধরন বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫] জনাব হাফিজের নিজস্ব পুঁজি থাকা সত্ত্বেও প্রশিক্ষণ ও বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা না থাকার কারণে ব্যবসায় শুরু করতে পারছেন না। অপরদিকে তার বন্ধু নাবিল একটি বেকারি ব্যবসায় পরিচালনা করছেন। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তার ব্যবসায়টি আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে পারছেন না। ক. বিসিক-এর প্রধান কাজ কী? খ. বাণিজ্য কী? ব্যাখ্যা করো। গ. জনাব হাফিজের ব্যবসায় শুরুর জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব নাবিলের যে ধরনের সহায়তা প্রয়োজন তার প্রভাব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫] রাহেলা বেগম একটি বুটিক শপের স্বত্বাধিকারী। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১০ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ক. ব্র্যাক কী? খ. কর অবকাশ বলতে কী বোঝায়? গ. রাহেলা বেগম কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা নিয়েছেন? তার বর্ণনা দাও। ঘ. দেশের বেকার সমস্যা দূরীকরণে রাহেলা বেগমের মতো উদ্যোক্তার ভূমিকা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [য. বো. ২৫] মিস সায়মা আক্তার পড়াশোনা শেষ করে চাকরির চিন্তা না করে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে হস্ত শিল্পের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজের জমানো টাকা ও স্থানীয় এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে “নকশি কাঁথা” নামে একটি শপ গড়ে তোলেন এবং ৫ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করায় তিনি ব্যবসায় সফলতা লাভ করেন। ক. কর অবকাশ কী? খ. BITAC কেন গঠিত হয়? ব্যাখ্যা করো। গ. মিস সায়মা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? বর্ণনা করো। ঘ. মিস সায়মা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায় কি? তোমার মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [ঢা. বো. ২৪] জনাব জামিল একজন নতুন উদ্যোক্তা। তিনি বিভিন্ন ধরনের কাগজ ও প্যাকেট তৈরির কারখানা স্থাপন করেন। তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহণের পাশাপাশি কারিগরি সহায়তা নেন। প্রযুক্তিগত সহায়তায় তার প্রতিষ্ঠানটি দ্রুত সাফল্য লাভ করে। এ প্রতিষ্ঠানটি তার উৎপাদিত সামগ্রীর মাধ্যমে স্থানীয় ও জাতীয় চাহিদা মেটাতে সক্ষম হয়। এর ফলে নতুন উদ্ভাবক হিসেবে জনাব জামিল নতুন উদ্ভাবকের পুরস্কার লাভ করেন। ক. বিটাক কোন ধরনের সহায়তা প্রদান করে? খ. মাইডাস এর কার্যক্রম ব্যাখ্যা করো। গ. জনাব জামিল কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব জামিলের প্রতিষ্ঠানটি যে ধরনের সহায়তা গ্রহণ করেছে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [ম. বো. ২৪] জনাব আলী একটি সরিষার তেল উৎপাদন কারখানা স্থাপনের জন্য সরকারি সাহায্য সংস্থার দ্বারস্থ হয়েও বারবার ব্যর্থ হয়েছেন। অবশেষে একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি সাহায্য সংস্থার সহযোগিতায় তিনি তার উদ্যোগ বাস্তবায়ন করেন এবং তার প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থান হয়। ক. BITAC-এর পূর্ণরূপ কী? খ. উদ্দীপনামূলক সহায়তা বলতে কী বোঝায়? গ. জনাব আলীর উদ্যোগ বাস্তবায়নে কোন বেসরকারি সাহায্য সংস্থা সহায়তা করেছে তার বর্ণনা দাও। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা হিসেবে জনাব আলীর অবদান মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [রা. বো. ২৪] আবদুর রহমান তার সঞ্চিত পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করতে গেলে তার বন্ধু ইফতি তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও প্রশিক্ষণ গ্রহণে সহায়তা করেন। তার অপর বন্ধু রাকিব প্রতিষ্ঠান নিবন্ধীকরণ ও অবকাঠামোগত দিকগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দেন। তাছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় তিনি সফলতা লাভ করেন। ক. প্রকল্পের ধরন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকের ঋণসীমা কত? খ. কর অবকাশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে ইফতি কোন ধরনের সহায়তা প্রদান করেন? ব্যাখ্যা করো। ঘ. আবদুর রহমানের সফলতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা কম নয়- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [দি. বো. ২৪] শায়লা একজন সাধারণ গৃহিণী। তার স্বামীর উৎসাহে এবং বিভিন্ন সরকারি প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আধুনিক যন্ত্রের সাহায্যে কৃষকদের জমি চাষ, আগাছা নিড়ানো, ফসল মাড়াইয়ের মতো সেবামূলক কাজের মাধ্যমে বেশ সফলতা অর্জন করেছেন। কাজের পরিধি বেড়ে যাওয়ায় নতুন যন্ত্রপাতি ক্রয়ের প্রয়োজন হলে একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন যারা অন্যূন ৪০% ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করে থাকে। পরবর্তীতে কৃষিতে সাফল্যের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রণোদনাও পান। ক. NGOs-এর পূর্ণরূপ কী? খ. এসএমই কে Employment Generating Machine বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে সহায়তা উৎস হিসেবে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? বর্ণনা করো। ঘ. শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [কু. বো. ২৪] সফুরা বেগম লেখাপড়া শেষ করার পর একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ এবং কিছু পুঁজি সংগ্রহ করেন। তিনি একটি কৃষি খামার গড়ে তুলেন এবং সমস্যার সম্মুখীন হন। তাই আরও প্রশিক্ষণ এবং ঋণ সুবিধার জন্য দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন। ক. NGO-এর পূর্ণরূপ কী? খ. নারী উদ্যোক্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. সফুরা বেগম প্রথমে কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন? ব্যাখ্যা করো। ঘ. “সফুরা বেগম দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন”-নারীদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণে এই সংস্থাগুলোর অবদান মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [চ. বো. ২৪] লেখাপড়া শেষ করে জনাব মাসুদা চাকরি না করে স্বাবলম্বী হতে চান। টেলিভিশনে শাড়ির বিজ্ঞাপন দেখে তিনি একটি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নিয়ে তাঁতের শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানাটি স্থাপনের সময় কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত কিছু সমস্যায় পড়েন। যা থেকে উত্তরণের জন্য জনাব মাসুদা প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় সহায়তা পান। এমনকি প্রতিষ্ঠানটি বিপণনেও সহায়তা করে। ক. বিসিক এর প্রধান কাজ কী? খ. মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজ কী? ব্যাখ্যা করো। গ. জনাব মাসুদা কোন ধরনের সহায়তা নিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব মাসুদার ব্যবসায় প্রতিষ্ঠানে সহায়তাকারী সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [সি. বো. ২৪] হালিমা বেগম সরকারি একটি সংস্থা থেকে ঋণ ও পরামর্শ নিয়ে তার বাড়িতে একটি ছোট ধরনের শিল্প স্থাপন করে। এলাকার আশপাশের অনেক গৃহিণী কাজের ফাঁকে হালিমা বেগমের কারখানায় কাজ করে। কারখানায় উৎপাদিত বিভিন্ন সামগ্রীর বেশ কদর আছে। ক. ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে? খ. উদ্যোগ উন্নয়নে সংরক্ষণমূলক সহায়তা ধারণাটি ব্যাখ্যা করো। গ. হালিমা বেগম কোন সংস্থা থেকে পরামর্শ নিয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বর্তমান পরিস্থিতিতে হালিমা বেগমের শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীরূপ প্রভাব ফেলবে তা ব্যাখ্যা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [য. বো. ২৪] জনাব আদনান যশোরের বিসিক এলাকায় সোনালী ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি কোমল পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। কর অবকাশ সুবিধা নেয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন। তিনি পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আপোষহীন। তাই তিনি উন্নতমানের কোমল পানীয় তৈরির জন্য কোন ধরনের মেশিন ব্যবহার করবেন এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে পুঁজি আসবে কোন উৎস থেকে এগুলো পূর্বেই নির্ধারণ করেন। ফলে জনাব আদনানের কারখানা দ্রুত সম্প্রসারণ হয়। ক. NGO-এর পূর্ণরূপ কী? খ. এসএমই-কে Employment Generating Machine হিসাবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো। গ. জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস কী? ব্যাখ্যা করো। ঘ. জনাব আদনানের কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তার গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [ব. বো. ২৪] জনাব নয়ন ঢাকার সাভার এলাকায় একটি বস্ত্রশিল্প প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানটিতে শাড়ি, গামছা, বেডশিট ইত্যাদি তৈরি হয়। শিল্পটিকে আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি প্রতিষ্ঠান হতে ঋণ নেন। সংস্থাটি ব্যবসায় উদোক্তাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঋণ সুবিধা প্রদান করে থাকে। অপরদিকে বাবার মৃত্যুর কারণে কলেজ পড়ুয়া ছাত্র ফারুক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হয়। তার বর্তমান বয়স ১৭ বছর ও ১ বছর যাবৎ ব্যবসায়টি দেখাশোনা করছে, অভিজ্ঞতা না থাকার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার প্রত্যাশা করে। কিন্তু প্রতিষ্ঠানটি ঋণ না দিয়ে তাকে খালি হাতে নিরাশ করে। ক. নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন কী ধরনের কাজ? খ. নারী শিল্পোদ্যোক্তা কারা? ব্যাখ্যা করো। গ. জনাব নয়ন কোন সংস্থা হতে ঋণ সুবিধা পায়? ব্যাখ্যা করো। ঘ. ফারুককে আর্থিক প্রতিষ্ঠানটি কেন ঋণ দেয়নি? এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ঢা. বো., রা. বো., সি. বো., য. বো., ব. বো. ১৯] জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ গ্রামে হাঁস-মুরগির খামার, গবাদিপশু পালন, মৎস্য চাষ ও শাকসবজি উৎপাদনের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করে মূলধন সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার শরণাপন্ন হন এবং সহযোগিতাও পান। অল্প সময়ের মধ্যে তিনি সাফল্যের চূঁড়ায় পৌঁছে যান। এলাকার অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করে। ক. BDBL-এর পূর্ণরূপ কী? খ. কর অবকাশ বলতে কী বোঝায়? গ. জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধানকল্পে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। ঘ. জনাব রায়হান আজিমের সফল হওয়ার পিছনে যেসব প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।
ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
Related Posts
- (৯ম-১০ম) ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর