ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। এই পোস্টে (৯ম ও ১০ম) ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] জনাব নাফিস একটি ফার্মেসি পরিচালনা করেন। তার ফার্মেসিতে তিনজন কর্মচারী কাজ করেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের বাড়িতে ওষুধ পৌঁছানোর জন্য তিনি একজন লোক নিয়োগ দিলেন এবং একটি মোটরসাইকেল ক্রয় করলেন। পাশাপাশি ওষুধের মান ঠিক রাখা ও সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ক্রয় করলেন। ব্যবসায় থেকে লাভের একটি অংশ ব্যাংকে জমা করেন মূলধন গঠনের জন্য। কারণ তিনি ভবিষ্যতে ওষুধ উৎপাদন ব্যবসায়ের সাথে জড়িত হতে চান। ক. ব্যবসায় কাকে বলে? খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা করো। গ. জনাব নাফিসের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো। ঘ. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব নাফিসের ভূমিকা মূল্যায়ন করো। |
উত্তরঃ
ক. মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
খ. উৎপাদনের বাহন হলো শিল্প।
প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে, কাঁচামাল তৈরি করে এবং তা প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য তৈরি করা হয়। এই উৎপাদনের কাজ শিল্পের মাধ্যমে সম্পন্ন হয়। তাই শিল্পকে উৎপাদনের প্রধান মাধ্যম বলা হয়। শিল্পের উদাহরণ হলো প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প।
গ. জনাব নাফিসের ব্যবসায়টি বাণিজ্যের অন্তর্ভুক্ত।
বাণিজ্য হলো উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার সব কার্যক্রম। পণ্য বণ্টনের সময় স্থানগত, সময়গত, তথ্যগত ও অর্থগত কিছু বাধা দেখা দেয়। এসব বাধা দূর করার জন্য বাণিজ্যের বিভিন্ন উপাদান যেমন ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং ও বিমার প্রয়োজন হয়। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা বণ্টনের শাখা বলা হয়।
উদ্দীপকে জনাব নাফিস একটি ফার্মেসি পরিচালনা করেন। তিনি ওষুধ কিনে ক্রেতাদের কাছে বিক্রি করেন। এটি বাণিজ্যের ক্রয়-বিক্রয় কাজের অংশ। তিনি মোটরসাইকেলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করেছেন। এই পরিবহন ব্যবস্থা স্থানগত বাধা দূর করতে সাহায্য করে। এছাড়া তিনি ওষুধের মান ঠিক রাখা ও সংরক্ষণের জন্য রেফ্রিজারেটরের ব্যবস্থা করেছেন। এতে পণ্যের সময়গত বাধা দূর হয়েছে। এভাবে জনাব নাফিসের এসব কাজ বাণিজ্যের উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাই বলা যায়, জনাব নাফিসের ব্যবসা বাণিজ্যের অন্তর্ভুক্ত।
ঘ. জনাব নাফিসের ব্যবসাটি কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং মূলধন গঠনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যবসা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, মূলধন গঠন করে, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং সরকারের রাজস্ব বাড়াতে সাহায্য করে। এভাবে ব্যবসা দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখে। ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটে।
উদ্দীপকে জনাব নাফিস তার ফার্মেসিতে তিনজন কর্মচারী নিয়োগ দিয়েছেন। ওষুধ পৌঁছে দেওয়ার জন্য তিনি একজন ডেলিভারি ম্যানও নিয়োগ করেছেন। এই ডেলিভারি ম্যান ক্রেতাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেন। তিনি ব্যবসার লাভের একটি অংশ ব্যাংকে জমা রাখেন, যা মূলধন গঠনে সহায়তা করে। এই মূলধন দিয়ে তিনি ভবিষ্যতে ওষুধ উৎপাদনের ব্যবসায় যুক্ত হতে চান।
জনাব নাফিস ফার্মেসি ব্যবসার মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করেছেন। এতে দেশের বেকারত্ব কমাতে সাহায্য হয়। তিনি মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে তাদের জীবনকে আরও সহজ করেছেন। তিনি ওষুধ উৎপাদনের ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্প উন্নয়নে ভূমিকা রাখতে চান। শিল্পায়ন হলে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় আয় বাড়বে। এতে সরকারের রাজস্বও বাড়বে, যা মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। এভাবে জনাব নাফিস দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভালো ভূমিকা পালন করছেন।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] জনাব জামালদের এলাকায় জমিতে প্রচুর কার্পাস তুলা উৎপাদন হয়। তিনি ইউটিউবে ভিডিও দেখে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেন। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজ হাতে তুলা থেকে সুতা তৈরির কাজ শিখেন। সুতার চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি যন্ত্র ক্রয় করতে চান। এর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি ব্যর্থ হন। ক. প্রত্যক্ষ সেবা কাকে বলে? খ.. “বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবন্দ নয়”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব জামালের কাজটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. জনাব জামালের ব্যবসায়িক কার্যক্রমের ওপর পরিবেশের প্রভাব মূল্যায়ন করো। |
উত্তরঃ
ক. অর্থ উপার্জনের উদ্দেশ্যে গ্রাহকদের সরাসরি কোনো সুবিধা বা সেবা দেওয়ার সাথে জড়িত কাজ হলো প্রত্যক্ষ সেবা।
খ. মুনাফা লাভের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে পণ্য ও সেবাকর্ম উৎপাদন, বিনিময় এবং এর সহায়ক কাজগুলোর সমষ্টিকে ব্যবসায় বলা হয়।
ব্যবসায়ের পণ্য উৎপাদন হয় শিল্পের মাধ্যমে। উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে বাণিজ্য। এ কাজের জন্য পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপনের মতো সহায়ক কার্যাবলির প্রয়োজন হয়। তাই বলা হয়, বর্তমানে ব্যবসায় শুধু পণ্য ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও অনেক বেশি বিস্তৃত।
গ. উদ্দীপকে জনাব জামালের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
এই শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত ব্যবহারের উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। এতে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। ফলে পণ্যের ব্যবহারিক মূল্য বেড়ে যায়। বস্ত্র শিল্প, চিনি শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি উৎপাদন শিল্পের উদাহরণ।
উদ্দীপকে জনাব জামালের এলাকায় প্রচুর কার্পাস তুলা উৎপাদিত হয়। তিনি এই তুলাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজের হাতে সুতা তৈরি করছেন। এখানে তুলা হলো কাঁচামাল এবং সুতা হলো প্রক্রিয়াজাত পণ্য। তুলা থেকে সুতা তৈরির এই কাজটি রূপগত উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। এসব কাজ উৎপাদন শিল্পের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, জনাব জামালের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত।
ঘ. জনাব জামালের ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রাকৃতিক, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক পরিবেশের প্রভাব বিদ্যমান।
ব্যবসায়ের পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবসা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণে প্রভাব ফেলে। ব্যবসার পরিবেশ অনুকূল হলে ব্যবসা চালানো সহজ হয়। আর উপাদানগুলো প্রতিকূল হলে ব্যবসা পরিচালনায় সমস্যা দেখা দেয়।
উদ্দীপকে জনাব জামাল কার্পাস তুলা থেকে সুতা তৈরি করেন। তিনি ইউটিউব ভিডিও দেখে সুতা তৈরির কৌশল শিখেছেন। সুতার চাহিদা বেড়ে যাওয়ায় তিনি উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি যন্ত্র কিনতে চান। কিন্তু এর জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে তিনি ব্যর্থ হন।
জনাব জামালের এলাকায় প্রচুর কার্পাস তুলা উৎপাদন হওয়া প্রাকৃতিক পরিবেশের একটি ভালো প্রভাব। এই সহজে পাওয়া কাঁচামাল তাকে সুতা তৈরির কাজ শুরু করতে উৎসাহ দিয়েছে। আবার ইউটিউব ভিডিও দেখে তথ্য সংগ্রহ করা এবং জ্ঞান অর্জন করা প্রযুক্তিগত পরিবেশের ইতিবাচক প্রভাব। কিন্তু আধুনিক যন্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারা অর্থনৈতিক পরিবেশের খারাপ প্রভাব বোঝায়। এই সমস্যার কারণে তার ব্যবসা বড় করার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। তাই বলা যায়, জনাব জামালের ব্যবসায় প্রাকৃতিক ও প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হলেও অর্থনৈতিক পরিবেশে বাধা রয়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫] জনাব ফরিদ একটি ইটভাটার মালিক। তার প্রস্তুতকৃত ইটের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা অনেক বেশি। মুনাফা ভালো হওয়ায় ইটভাটার আকার আরও বৃদ্ধি করতে চান। কিন্তু বর্ষা আসাতে ইট তৈরির কাজ বন্ধ থাকে। তিনি বর্ষার মৌসুমে অন্য কোনো কাজ করতে চান। তাছাড়া স্থানীয় লোকজন ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনের লোকজন ইটভাটার ব্যাপারে আপত্তি জানান। এলাকার কিছু লোকজন ইটভাটাটি বন্ধের অনুরোধ করেন। ক. বিমা কোন ধরনের বাধা দূর করে? খ. আধুনিককালে বাণিজ্যকে কী হিসেবে অভিহিত করা হয়? ব্যাখ্যা করো। গ. জনাব ফরিদের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. জনাব ফরিদের ব্যবসায়টি চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায় পরিবেশের কোন উপাদানগুলো বিবেচনায় আনা উচিত ছিল? এর সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫] মৌজা বামুনিয়া গ্রামের রতন নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও শৌখিন দ্রব্যাদি তৈরি করে অনলাইনে তা বিক্রয় করেন। অল্প দিনেই তার বিক্রয় পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। কিন্তু বিনিয়োগ স্বল্পতার দরুন উৎপাদনের মাত্রা সীমিত হয়। ফলে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও জোগানের অপ্রতুলতা দেখা দেয়। পরিশেষে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হন। ক. নিষ্কাশন শিল্প কী? খ. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? ব্যাখ্যা করো। গ. রতন ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় বিক্রয় কার্য সম্পন্ন করেন? ব্যাখ্যা করো। ঘ. রতনের ব্যবসায়ের ব্যর্থতার পিছনে পরিবেশের কোন উপাদানটির ঘাটতি রয়েছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো., ব. বো. ২৫] মি. নাঈম পড়ালেখা শেষ করে ঢাকার নবাবপুরে একটি ভকেমিক্যালের দোকান দেন। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। তিনি বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করে বিক্রয় করেন। তার আমদানিকৃত কেমিক্যালের মান ভালো হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মুনাফার পরিমাণ বাড়ে। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় ব্যবসায় পরিধি বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার জন্য ভাবছেন। ক. প্রত্যক্ষ সেবা কী? খ. “শিল্প হলো উৎপাদনের বাহন”- ব্যাখ্যা করো। গ. মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫] জনাব আরাফ বিদেশ হতে পাথর আমদানি করে দেশের সড়ক পথ তৈরির ব্যবসায় করেন। জনাব আরাফের ব্যবসায় প্রথম পর্যায়ে প্রচুর মুনাফা অর্জন করছিল। কিন্তু অনেক সময় বন্দরের কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়ার জন্য কর্ম বিরতিতে যান। জনাব আরাফ অর্থনৈতিক সমস্যায় পড়লে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় সংকট কাটিয়ে ওঠেন। বর্তমানে তিনি সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন। ক. ব্যবসায় করতে হলে আরেকটি কোন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে হয়? খ. বাণিজ্য বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে জনাব আরাফের শিল্পটি কোন ধরনের ব্যাখ্যা করো। ঘ. ব্যবসায়িক পরিবেশের উপাদানের আলোকে জনাব আরাফের ব্যবসায়টি মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫] জনাব কাশেম বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করে এলাকার বিভিন্ন দোকানে স্বল্প মূল্যে বিক্রি করেন। তার তৈরিকৃত আসবাবপত্রের চাহিদা থাকায় তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় পরিধি বাড়ান। ক. কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? খ. কোন শিল্পের সাহায্যে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হয়? ব্যাখ্যা করো। গ. জনাব কাশেমের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের যে উপাদানের সহায়তা নিয়েছেন তার প্রভাব মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫] জনাব মালেক তার এলাকায় দেশি গরুর খামার স্থাপন করেন। তার উৎপাদিত দুধের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি পাশ্ববর্তী এলাকায়ও ‘দুধ সরবরাহ করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি খামারটি সম্প্রসারণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করার চিন্তা করছেন। ক. প্রত্যক্ষ সেবা কী? খ. ব্যবসায়ের তথ্য ও প্রচার সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি ব্যাখ্যা করো। গ. জনাব মালেকের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. জনাব মালেকের ঋণ গ্রহণ করার বিষয়টি কোন পরিবেশের উপাদান? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫] গাজীপুর শিল্পাঞ্চলে জনাব সজলের একটি পশুপালন খামার আছে। জনবহুল স্থান হওয়ায় সেখানে মাংসের প্রচুর চাহিদা আছে। নদীর তীরে খামার স্থাপন করায় পরিবহন সুবিধা পাওয়া যায়। এছাড়া বিস্তীর্ণ চরে সুলভে সবুজ ঘাস পাওয়া যায়। আশপাশে ব্যাংক থাকায় সহজে ঋণ সুবিধাও পাওয়া যায়। ক. ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা কোনটি? খ. পেশাজীবীদের কাজ কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত? ব্যাখ্যা করো। গ. জনাব সজলের খামারটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. জনাব সজলের খামার স্থাপনে পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫] জনাব নয়ন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মৌসুমে বিভিন্ন পাইকারি বাজার থেকে পেঁয়াজ, রসুন ও আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে ব্যবসায়ে বেশ লাভবান হয়েছেন। ভবিষ্যতে আরও বেশি লাভবান হওয়ার জন্য অধিক পরিমাণে পণ্য হিমাগারে সংরক্ষণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা করেছেন। ক. বাণিজ্য কী? খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? গ. জনাব নয়নের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. জনাব নয়নের ঋণ নেওয়া প্রক্রিয়াটি কোন পরিবেশের উপাদান? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [ঢা. বো. ২৪] জনাব আনিছুর রহমান পশুখামারের ওপর প্রশিক্ষণ নেন। অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাংকিং সুবিধার অভাবে তিনি তার খামারটি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি মনে করেন, ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন করতে পারলে ব্যবসা-বাণিজ্যের বেশি প্রসার হবে। এর ফলে সঞ্চয়, মূলধন ও জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনযাত্রার মান ত্বরান্বিত হবে। ক. আর্থিক ঝুঁকি কী? খ. গুদামজাতকরণ কী? ব্যাখ্যা করো। গ. জনাব আনিছুর রহমানের খামার প্রতিষ্ঠায় পরিবেশের কোন উপাদান বাধা তৈরি করেছে? ব্যাখ্যা করো। ঘ. মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [ঢা. বো. ২৪] আরিফ হোসেন দীর্ঘ ১২ বছর ধরে সাভারের একটি স্পিনিং মিলে চাকরি করেন। সুতার বিষয়ে তার জ্ঞান অনেক ভালো। তিনি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নানান রঙ-বেরঙের সুতার ব্যবহার করে নিজ বাড়ির সদস্যদের সহায়তায় সুতার টুপি, ওয়ালম্যাট ও চাদর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানায় উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করে। তাই তিনি সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ ও শ্রমিক বৃদ্ধি করেন। ক. কেন্দ্রীয় সমবায় সমিতি কী? খ. সেবা শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. আরিফ হোসেনের ব্যবসায়ের ধরন কোনটি? বর্ণনা করো। ঘ. শিল্পোন্নয়নে আরিফ হোসেনের করণীয় মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [রা. বো. ২৪] জনাব আকিব ও সাজিদ দুই বন্ধু এইচএসসি পাসের পর তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট ও ফাস্টফুড আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। অল্প কিছু দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়টি সম্প্রসারণের জন্য অধিক পুঁজি প্রয়োজন দেখা দেওয়ায়। আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে সমস্যার সমাধান করেন। ক. প্রজনন শিল্প কী? খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? উদাহরণ দাও। গ. ব্যবসায়ে কোন পরিবেশের সহায়তায় মি. আকিব ও সাজিদ পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব আকিব ও সাজিদের ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের প্রভাব লক্ষণীয়? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪] জনাব তানিয়া কলা গাছের আঁশ থেকে সুতা উৎপাদন করে নিজস্ব কারখানায় শাড়ি তৈরি করেন। শাড়িগুলো স্থানীয় বাজারে সরবরাহ করে তিনি বেশ লাভবান হন। বর্তমানে তার তৈরি শাড়ির ব্যাপক চাহিদা থাকায় তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। কিন্তু মূলধনের স্বল্পতা, অপ্রতুল রাস্তা-ঘাট এবং বৈচিত্র্যময় ডিজাইনের জন্য আধুনিক প্রযুক্তির অভাবে তার উদ্যোগটি বাধাগ্রস্ত হয়েছে। ক. শিল্প বিল্পব ঘটে কোন যুগে? খ. কাগজি মুদ্রার প্রচলন হয়েছিল কেন? ব্যাখ্যা করো। গ. জনাব তানিয়ার শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. ব্যবসায়িক পরিবেশের আলোকে জনাব তানিয়ার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার কারণ মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [কু. বো. ২৪] মধুপুরের বিলকিস বেগম আনারসের ফেলে দেওয়া পাতা নিয়ে কাজ শুরু করেন। তিনি পাতাকে প্রক্রিয়াজাত করে কুটির শিল্পসামগ্রী প্রস্তুত করেন। প্রথম দিকে দক্ষ কারিগর এবং প্রচারের অভাব অনুভব করেন। তার সক্রিয় কর্মতৎপরতায় এই বাধাগুলোর অপসারণ করে ভালো মুনাফা করছেন। ক. ব্যবসায় কাকে বলে? খ. “ব্যবসায় সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়”-ব্যাখ্যা করো। গ. বিলকিস বেগমের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো। ঘ. বিলকিস বেগমের কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [সি. বো. ২৪] আমাদের দেশের বিভিন্ন শহরতলিতে নিম্ন আয়ের মানুষ বাস করে। তারা বেশির ভাগই রক্ষণশীল পরিবারের সদস্য। জনাব আলম ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিলাসজাত দ্রব্য কিনে এনে তা বিভিন্ন শহরতলিতে বিক্রয় করেন। কিন্তু তার লাভবান অবস্থা লক্ষ করা যাচ্ছে না। ক. নিষ্কাশন শিল্প কাকে বলে? খ. ব্যবসায়ের পরিবেশ ধারণাটি ব্যাখ্যা করো। গ. জনাব আলমের কাজটি ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে? ব্যাখ্যা করো। ঘ. জনাব আলমের ব্যবসায়ে লাভবান না হওয়ার মূল কারণ কী? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [য. বো. ২৪] স্বদেশী পণ্য গ্রহণ করো আর বিদেশি পণ্য বর্জন করো” এই স্লোগানের ওপর ভিত্তি করে জনাব হাসনাইন কুমিল্লা জেলার বাহাদুরপুর গ্রামে খাদি কাপড় তৈরি করতে আগ্রহী হন। শুরুতে তিনি কিছু দক্ষ তাঁতি দিয়ে হাতে চালানো তাঁতের দ্বারা খাদি পোশাক তৈরি করেন। বর্তমানে দক্ষ তাঁতিদের অনেকে মারা যাওয়ায় তিনি তাঁতের পরিবর্তে ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন মেশিন ক্রয়ের মাধ্যমে খাদি পোশাক তৈরি করেন। এতে উৎপাদন ও পোশাকের গুণগত মান বৃদ্ধি পায়। ক. ব্যবসায় কী? খ. কোন শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হয়? ব্যাখ্যা করো। গ. জনাব হাসনাইনের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. জনাব হাসনাইনের ব্যবসায় উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়িক পরিবেশের উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ব. বো. ২৪] মি. সুমন পড়ালেখা শেষ করে ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর দোকান দেন। তিনি চীন থেকে স্মার্ট ওয়াচ, ইলেকট্রিক চার্জার ফ্যান, হেড ফোন ইত্যাদি সামগ্রী আমদানি করে বিক্রয় করেন। তার পণ্যের মান ভালো হওয়ায় বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফার পরিমাণও বাড়ে। ফলে তিনি আরও একটি দোকান প্রতিষ্ঠার কথা ভাবছেন। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন। ক. বাণিজ্য কী? খ. “চামড়া থেকে জুতা তৈরি” কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। গ. মি. সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. মি. সুমনের ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করেছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।