যদিও ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন তবু ব্যবসায় প্রতিষ্ঠানকে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়টি মেনে চলতে হয়। সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য হিসেবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন ও পালন করতে হয়। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ব্যবসায় উদ্যোগ ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] পাইকারি ব্যবসায়ী মামুন ভালো ও উন্নতমানের বাছাই করা আনারস সারাবছর ন্যায্যমূল্যে সরবরাহ করে বেশ মুনাফা অর্জন করেছেন। আনারস দীর্ঘদিন সংরক্ষণে তিনি কোনো ক্ষতিকর দ্রব্য ব্যবহার করেন না। তার আড়তে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ পায় এবং সময়মতো মজুরি পেয়ে থাকে। এলাকার কোনো সামাজিক উন্নয়ন কাজে তিনি খুব বেশি সাড়া দেন না। বাজারের খাজনাও তিনি কম করে দেওয়ার চেষ্টা করেন, যা সরকারের প্রাপ্য। ক. মূল্যবোধ কাকে বলে? খ. সামাজিক দায়বদ্ধতার ধারণাটি ব্যবসায়ে গুরুত্বপূর্ণ কেন? গ. আনারস ব্যবসায়ী হিসেবে জনাব মামুনের আচরণে কী ফুটে ওঠেছে? বর্ণনা করো। ঘ. বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতার আলোকে জনাব মামুনের কার্যক্রম মূল্যায়ন করো। |
উত্তরঃ
ক. যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে, তাকে মূল্যবোধ বলে।
খ. সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি কর্তব্য পালন করা হলো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।
সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায় পরিচালিত হয়। তাই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করা খুবই গুরুত্বপূর্ণ, এতে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। সঠিক ওজন ও মানের পণ্য সরবরাহ করা, ভেজালমুক্ত পণ্য দেওয়া এবং ন্যায্যমূল্য নির্ধারণ করা এসবই ব্যবসায়ের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে ব্যবসায় প্রতিষ্ঠান সমাজের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। এর ফলে ব্যবসায় দীর্ঘ সময় ধরে টিকে থাকার একটি শক্ত ভিত্তি তৈরি হয়।
গ. উদ্দীপকে আনারস ব্যবসায়ী জনাব মামুনের আচরণে ব্যবসায় নৈতিকতার প্রতিফলন ঘটেছে।
ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয় ভালো না খারাপ, ঠিক না ভুল এবং ন্যায় না অন্যায় এসব বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের আচরণ সম্পর্কে সচেতন করে এবং ব্যবসায়ের সুনাম বাড়াতে সাহায্য করে। নৈতিকতা ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে এবং সবার প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করে।
উদ্দীপকে জনাব মামুন ভালো মানের বাছাই করা আনারস ন্যায্যমূল্যে সরবরাহ করেন। তিনি আনারস সংরক্ষণের সময় কোনো ক্ষতিকর পদার্থ ব্যবহার করেন না। এটি ক্রেতা ও ভোক্তার প্রতি তার নৈতিক দায়িত্ব পালনের প্রমাণ। তিনি পণ্যের মান ও দামে কোনো অনৈতিক কাজ করেন না। অন্যদিকে, তিনি তার আড়তে শ্রমিকদের স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দেন এবং সময়মতো মজুরি প্রদান করেন। এটিও কর্মীদের প্রতি তার নৈতিক দায়িত্ব। যদিও তিনি বাজারের খাজনা কম দেন এবং সামাজিক উন্নয়নে তেমন অংশ নেন না, তবুও তার মূল ব্যবসায়িক কাজ, পণ্য সরবরাহ ও কর্মী ব্যবস্থাপনায় তিনি নৈতিকতার মান বজায় রেখেছেন। তিনি মুনাফার ক্ষেত্রে সততাকে গুরুত্ব দিয়েছেন। সুতরাং, জনাব মামুনের আচরণে ব্যবসায়িক নৈতিকতার যথাযথ প্রতিফলন দেখা যায়।
ঘ. বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতার আলোকে জনাব মামুনের কার্যক্রম সামগ্রিকভাবে ইতিবাচক নয়।
ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে সমাজের বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা, ভোক্তা, শ্রমিক, সরকার, সমাজ ও পরিবেশের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালন করাকে বোঝায়। এই দায়িত্ব ঠিকভাবে পালন করলে ব্যবসায়ের সুনাম বাড়ে এবং সমাজের কল্যাণ হয়।
উদ্দীপকে জনাব মামুন ক্রেতা ও শ্রমিকদের প্রতি তার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। তিনি ভালো মানের আনারস ন্যায্যমূল্যে বিক্রি করেন এবং সংরক্ষণে কোনো ক্ষতিকর দ্রব্য ব্যবহার করেন না। এটি ক্রেতা ও ভোক্তার প্রতি তার দায়িত্ব পালনের প্রমাণ। কিন্তু জনাব মামুন সরকার ও সমাজের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। তিনি বাজারের খাজনা কম দেওয়ার চেষ্টা করেন, যা সরকারের প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার মতো কাজ। এটি আইনগত ও নৈতিকভাবে ঠিক নয়। এছাড়া তিনি এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে খুব বেশি অংশ নেন না। এটি সমাজের প্রতি তার দায়িত্বে অবহেলা প্রকাশ করে।
একজন আদর্শ ব্যবসায়ীর উচিত সব পক্ষের প্রতি সমানভাবে দায়িত্বশীল হওয়া। শুধু ক্রেতা ও শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করলেই পূর্ণ সামাজিক দায়বদ্ধতা হয় না। তাই বলা যায়, জনাব মামুন সরকার ও সমাজের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] সাহিদ স্বচ্ছতার সাথে ব্যবসায় করে সীমিত মুনাফা অর্জন করেন। অপরদিকে তার বন্ধু নাদিম চাকচিক্যের আড়ালে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করেন। পণ্যের বাহ্যিক চাকচিক্যের কারণে ক্রেতারা নাদিমের দোকানে ভিড় করে। সাহিদ নাদিমের চেয়ে কম অর্থ উপার্জন করলেও মানসিকভাবে অনেক সুখী। ক. ব্যবসায়ে নৈতিকতা কাকে বলে? খ. ‘পণ্যের মজুতদারি না করা’- কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা করো। গ. সাহিদের মানসিক প্রশান্তির কারণটি ব্যাখ্যা করো। ঘ. নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও ভবিষ্যতে ব্যবসায়ে টিকে থাকবে কি? এ ব্যাপারে তোমার মতামত দাও। |
উত্তরঃ
ক. ব্যবসায়ের ক্ষেত্রে ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিকটি বেছে নেওয়াকে ব্যবসায়ে নৈতিকতা বলে।
খ. পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে একজন ব্যবসায়ীকে শুধু মুনাফা অর্জন করলেই হয় না, তাকে সমাজের প্রতি দায়িত্বও পালন করতে হয়। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায় বৃদ্ধি ও উন্নতি লাভ করে। তাই ব্যবসায়ীদের উচিত মজুতদারি না করে সমাজে পণ্য সঠিকভাবে ও ন্যায্যভাবে বণ্টন করা।
গ. উদ্দীপকে ব্যবসায় নৈতিকতার কারণে সাহিদ মানসিক প্রশান্তিতে আছে।
ব্যবসায় নৈতিকতা ব্যবসায়ীর আচরণকে সঠিক পথে পরিচালনা করে। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে সেটি সফলভাবে পরিচালনা করা পর্যন্ত অনেক কাজ করতে হয়। এসব কাজ সুন্দর, সুশৃঙ্খল ও সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
উদ্দীপকে সাহিদ ও নাদিম দুজনই ব্যবসায়ী। সাহিদ সৎভাবে ব্যবসায় করেন এবং সীমিত মুনাফা অর্জন করেন। তিনি ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করেন না। অন্যদিকে নাদিম বাহ্যিক চাকচিক্য দেখিয়ে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে বেশি মুনাফা অর্জন করেন। কম মুনাফা পেলেও সাহিদ জানেন যে এতে তার ব্যবসায়ের সুনাম নষ্ট হবে না। ভালো মানের পণ্য সরবরাহ করার কারণে তিনি মানসিকভাবে শান্তি অনুভব করেন। সৎভাবে ব্যবসায় পরিচালনা করার ফলে তার কাজে ব্যবসায় নৈতিকতারই প্রতিফলন ঘটে।
ঘ. নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও ভবিষ্যতে এ ব্যবসায়ে টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি।
নৈতিকতা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো ব্যবসায়ের সফলতা ও স্থায়িত্বের জন্য নৈতিকতা মেনে চলা খুব জরুরি। ব্যবসায় নৈতিকতা ক্রেতাদের আস্থা অর্জনে সাহায্য করে। নৈতিকতা না মানলে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
উদ্দীপকে নাদিম একজন ব্যবসায়ী। তিনি বর্তমানে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে বেশি মুনাফা অর্জন করছেন। তবে এই ধরনের অনৈতিক ব্যবসায়ের কারণে তার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ স্থায়িত্ব ভালো হবে না। কারণ ভোক্তারা ভেজাল বা নিম্নমানের পণ্য বারবার কেনে না। এসব পণ্য খেলে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। ফলে ক্রেতারা একসময় এসব পণ্য কেনা বন্ধ করে দেবে। শুধু বাহ্যিক চাকচিক্য দেখিয়ে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করলে একসময় তা ক্রেতাদের কাছে ধরা পড়ে যায়। তখন ক্রেতারা প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়ে ফেলে এবং পণ্য গ্রহণ করতে চায় না। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হতে পারে।
তাই বলা যায়, নাদিম অনৈতিকভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে ব্যবসায় পরিচালনা করছেন, যার ফলে ভবিষ্যতে তার ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা খুবই কম।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫] জামাল ও কামাল দুই বন্ধুরই ডেইরি ফার্ম আছে। জামাল তার ফার্মের দুধ সঠিক মাপে ও ন্যায্যমূল্যে বিক্রয় করেন। আবার তিনি ফার্মের গরু মোটাতাজা করতে কোনো ওষুধ ব্যবহার করেন না। এতে জামালের কম মুনাফা হলেও সমাজে তার সুনাম বাড়ে। কিন্তু কামাল দুধ বিক্রয়ে অনিয়ম করে বেশি মূল্যে বিক্রি করেন। গরু মোটাতাজা করতে তিনি বিভিন্ন ইনজেকশন ও ওষুধ ব্যবহার করেন। কয়েকদিন ফার্মটি ভালো চললেও পরিবর্তীতে এর বিক্রয় কমতে থাকে। ক. মূল্যবোধ কী? খ. পরিবেশ দূষণ কী? ব্যাখ্যা করো। গ. জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে কোন পক্ষের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. কামালের ফার্মের বিক্রয় জামালের ফার্মের তুলনায় কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২৫] গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত শিল্পকারখানার ধোঁয়া | যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা না করায় সেখানকার প্রতিটি টিনের চালায় মরিচা পড়েছে। সেখানকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এলাকার বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছে। পেপার-পত্রিকা ও গণমাধ্যমে বার বার এর প্রতিকারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তারপরও পদক্ষেপ নিচ্ছে না। ক. ব্যবসায় নৈতিকতা কী? খ. ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো. ২৫] জনার বাশার একজন মুদি ব্যবসায়ী। এলাকার বসবাসকারী মানুষের কথা চিন্তা করে তিনি তাদের চাহিদামাফিক বিভিন্ন ভোগ্য পণ্য সংগ্রহ করেন। তিনি ও তার কর্মচারী ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করেন ও পণ্যের গুণাগুন দেখে সবসময় পণ্য বিক্রি করেন। তিনি কখনোই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করেন না। দেশে এক সময় সয়াবিন তেলের ঘাটতি দেখা দিলে কিছু অসাধু ব্যবসায়ী চড়াদামে তেল বিক্রি করেন। কিন্তু জনাব বাশার সঠিক দামেই তেল বিক্রি করেন। এজন্য তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে। ক. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অন্যতম উদ্দেশ্য কী? খ. মাইডাস-এর কার্যাবলি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব বাশার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে জনাব বাশারের ব্যবসায়িক কার্যক্রমে মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২৫] জনাব কবির নদীর তীরে ‘প্লাস্টিকের রয়েল প্লাগ’ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার কারখানায় বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ে। ফলে এলাকার মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। পক্ষান্তরে, জনাব মাহমুদ প্রচলিত আইন মেনে ব্যবসায় পরিচালনা করেন। তিনি শ্রমিকদের জন্য কাজের যথাযথ পরিবেশ সৃষ্টিসহ উন্নত আবাসনের ব্যবস্থা করেন। ক. রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? খ. ব্যবসায়ে সততা বজায় রাখা কী? ব্যাখ্যা করো। গ. জনাব কবিরের কারখানা কোন ধরনের দূষণ সৃষ্টি করে? বর্ণনা দাও। ঘ. জনাব মাহমুদের কার্যাবলি ব্যবসায়ের দায়বদ্ধতার আলোকে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২৫] ‘আস্থা ট্রেডিং’ এর কর্ণধার জনাব মাসুদ ভোগ্য পণ্যসামগ্রীর ব্যবসায়ী। তিনি মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এ ছাড়াও তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করেন না। অপরপক্ষে ‘মেধা ট্রেডিং’ এর কর্ণধার জনাব শফিক মানসম্মত পণ্য বিক্রয় করেন না এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেন। ক. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী? খ. নৈতিকতা কী? ব্যাখ্যা করো। গ. জনাব মাসুদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের কোন ব্যবসায়ীকে তুমি সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২৫] জনাব মামুন একজন পেঁয়াজ আমদানিকারক। তিনি বেশি মুনাফা পাওয়ার আশায় পেঁয়াজ মজুদ করে রাখেন না। তিনি সততার সাথে তার ব্যবসায় পরিচালনা করেন এবং এতে প্রচুর মুনাফা অর্জন হয়। ক. মূল্যবোধ কী? খ. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যাটি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব মামুনের ব্যবসায়িক কার্যক্রম কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো। ঘ. জনাব মামুনের কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫] গাজীপুরের সালনায় অবস্থিত শিল্পকারখানার ধোঁয়া যথাযথভাবে পরিশোধনের ব্যবস্থা না থাকায় উক্ত এলাকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা নানা রোগে ভুগছে, বিশেষ করে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? খ. নৈতিকতা বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে গাজীপুরে কোন ধরনের দূষণের চিত্র ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. গাজীপুরের সালনার শিল্প মালিকদের কোনটির অভাব রয়েছে? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫] জনাব ইমন একজন ব্যবসায়ী। তিনি প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরির কারখানা স্থাপন করেন। পরিবেশ দূষণ থেকে এলাকা রক্ষা করার জন্য প্রয়োজনীয় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রেখে ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। তার কারখানায় অনেক শ্রমিক কর্মরত আছেন। তিনি নিয়মিত সরকারকে আয়কর প্রদান করে থাকেন। ক. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী? খ. ব্যবসায়ে নৈতিকতা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। গ. জনাব ইমন কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব ইমন দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছেন? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [ব. বো. ২৫] দেশের বিভিন্ন জেলার কয়েকজনের একটি অসাধু ব্যবসায়ী চক্র রয়েছে। যারা বেশি পরিমাণে পণ্য মজুদ রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। এর ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং ভোক্তারা বিপাকে পড়ে যায়। অপরদিকে জনাব মোহন গাজীপুরে একটি ইটভাটা স্থাপন করেন। এই ইটভাটা থেকে সৃষ্টি বিপুল পরিমাণ ধোঁয়া বাতাসের সাথে মিশে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। ক. ব্যবসায়ের নৈতিকতা কী? খ. ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে অসাধু ব্যবসায়ীরা কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে ব্যর্থ হয়েছেন? বিশ্লেষণ করো। ঘ. জনাব মোহনের ইটভাটাটি আমাদের পরিবেশের ওপর যে প্রভাব বয়ে আনবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [ঢা. বো. ২৪] জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রি করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রি করেন। তাছাড়া পচা ও দুর্গন্ধযুক্ত আম পাশের খালে ফেলে দেন। যার ফলে খালের পানি দূষিত হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ে যার কারণে মানুষ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ক. ব্যবসায় নৈতিকতা কী? খ. প্রশিকা এর কার্যক্রম ব্যাখ্যা করো। গ. জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব শামীমের কার্যক্রম পরিবেশের জন্য কতটা হুমকির সম্মুখীন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [ম. বো. ২৪] বিসিক বাজারের জনাব মাহি অনেক বছর যাবৎ সততার সাথে ব্যবসায় চালিয়ে আসছেন। তিনি সবসময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। এতে তার ব্যবসায়ে সফলতা আসে। পার্শ্ববর্তী ব্যবসায়ী মি. ফনি মুনাফাকে বড় করে দেখেন। পণ্যের গুণাগুণ অনুযায়ী মূল্য বিবেচনায় রাখেন না; বেশি মুনাফার আশায় তিনি পণ্যের মজুতদারী করে পণ্যের সংকট সৃষ্টি করেন। তাই ক্রেতারা তাকে এড়িয়ে চলেন। ক. ব্যবসায় নৈতিকতা কী? খ. পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়? গ. মি. ফনি ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেননি? বর্ণনা করো। ঘ. জনাব মাহির ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪] জনাব রায়হান একটি ভোগ্যপণ্য তৈরি কারখানা স্থাপন করতে চান। এজন্য তিনি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে স্থাপন করেন। উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিক্রয় করেন। মুনাফার একটি অংশ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে জমা দেন। অপরদিকে জনাব রাইসুল শিশুর খাদ্যসামগ্রীর একটি কারখানা স্থাপন করেন। রাইসুল নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে বেশি মূল্যে বিক্রয় করেন। মাঝে-মাঝে বিভিন্ন ক্ষতিকর রং মিশিয়ে ক্ষতিকর জুস তৈরি করেন। এছাড়া ২০০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রামের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রয় করেন। অল্প কিছুদিন প্রতিষ্ঠান চললেও বর্তমানে কারখানাটি বন্ধ হয়ে যায়। ক. সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায় উদ্যোক্তা কী লালন ও পালন করতে হয়? খ. শিল্পোন্নয়নের বড় সমস্যা কী? ব্যাখ্যা করো। গ. জনাব রায়হান কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? বর্ণনা করো। ঘ. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রমের মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [কু. বো. ২৪] মেঘনা নদীতে খাঁচায় মৎস্য চাষ বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। এর মাধ্যমে প্রাকৃতিক সুবিধায় মৎস্য চাষ করে চাষিরা স্বাবলম্বী। কিন্তু চাষিদের সাথে কথা বলে তাদের সমস্যাও জানা গেছে। তারা বললেন শুকনো মৌসুমে বিভিন্ন ডাইং কোম্পানিগুলো তাদের শিল্পবর্জ্য নদীতে ছেড়ে দেয়। তাই তারা সেই সময় মৎস্য চাষ বন্ধ রাখেন। ভবিষ্যতে মাছের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে বলে চাষিরা মনে করেন। ক. সামাজিক দায়বদ্ধতা কী? খ. আচরণের মানদণ্ড কী? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে মৎস্য চাষিদের ব্যবসায় পরিচালনায় কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. ডাইং কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে কোন বড় সমস্যাটি প্রতিফলিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [চ. বো. ২৪] মিসেস শায়লা একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করেন এবং ন্যায্য পারিশ্রমিক দেন। এছাড়াও তিনি উৎসব বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। শীতকালে তার একটি নিজস্ব ফাউন্ডেশন থেকে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুদানের ব্যবস্থা করেন। ক. নৈতিকতা কী? খ. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি? ব্যাখ্যা করো। গ. মিসেস শায়লা কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা পালন করেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত মিসেস শায়লার সামাজিক কার্যক্রমের ভূমিকা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [সি. বো. ২৪] জনাব সুরুজ একজন ফল ব্যবসায়ী। তিনি সততার সাথে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি তার বিক্রীত ফলে কোনো ফরমালিন বা ক্ষতিকর কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। তিনি ঋণ নিলে সময়মতো তা ফেরত দেন। সমাজে তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে সকলের নিকট পরিচিত। ক. মুনাফা কী? খ. ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝায়? গ. জনাব সুরুজের ব্যবসায় পরিচালনায় কোন বিশেষ দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব সুরুজের মতো ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে- উক্তিটি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৮। [য. বো. ২৪] জনাব নাবিলের কুষ্টিয়ায় কাপড় তৈরির একটি কারখানা রয়েছে। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সময়মতো বেতন ও মজুরি প্রদান করেন। তিনি ন্যায্য ও সঠিক মূল্যে কাপড় বিক্রি করেন। এতে তার ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জিত হয়। কিন্তু তিনি নিয়মিত আয়কর পরিশোধ করেন না। তাছাড়া প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। এ কারণে স্থানীয় লোকজন তার ওপর ক্ষুব্ধ। ক. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কী? খ. মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশের কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা করো। ঘ. জনাব নাবিলের ব্যবসায়টি বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা কতটুকু পালন করেছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।
ব্যবসায় উদ্যোগ ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
Related Posts
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- (৯ম-১০ম) ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর