বিভিন্ন ঋতুতে বাংলাদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে অতিবৃষ্টি, অকাল বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের জীবনকে প্রভাবিত করে। এই পোস্টে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] উদ্দীপক পাঠ্য বইয়ে দেখঃ ক. ভূমিকম্প কী? খ. বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন? গ. মানচিত্রের ‘A’ চিহ্নিত অঞ্চলটির ভূপ্রাকৃতিক গঠন ব্যাখ্যা করো। ঘ. চিত্রের ‘B’ ও ‘C’ চিহ্নিত অঞ্চলের মধ্যে জনসংখ্যার ঘনত্বের তারতম্য হয় কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. পৃথিবীর অভ্যন্তরীণ কোনো কারণে যখন ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ ক্ষণস্থায়ীভাবে কেঁপে ওঠে, তখন তাকে ভূমিকম্প বলে।
খ. বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরের দিকে বয়ে যাওয়ার প্রধান কারণ হলো দেশের ভূমি উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু। উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় পুরো ভূখণ্ড ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে। পানি সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামে, কারণ অভিকর্ষজ বল তা টেনে নিয়ে যায়। তাই পাহাড় বা হিমালয় এলাকা থেকে উৎপন্ন নদীগুলো এই ঢাল অনুসরণ করে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়।
গ. মানচিত্রের ‘A’ চিহ্নিত অঞ্চলটি হলো প্লাইস্টোসিন কালের সোপানসমূহের অন্তর্গত বরেন্দ্রভূমি।
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। প্রায় ২৫,০০০ বছর আগে প্লাইস্টোসিন যুগে জমা হওয়া পলিমাটি দিয়ে এই উঁচু ভূমি তৈরি হয়েছে। এ অঞ্চলের মাটি সাধারণত ধূসর ও লাল রঙের হয়।
উদ্দীপকের মানচিত্রে দেখা যায়, ‘A’ চিহ্নিত স্থানটি রাজশাহী বিভাগের উত্তর দিকে অবস্থিত, যা বরেন্দ্রভূমিকে বোঝায়। এই এলাকা আশপাশের সমতল প্লাবনভূমির তুলনায় একটু উঁচু এবং এখানে জমি হালকা ঢেউ খেলানো। প্রাচীন পলিমাটি দিয়ে গঠিত হওয়ায় এর বৈশিষ্ট্য সমতল ভূমি থেকে আলাদা এবং এখানে বৃষ্টির পানি দ্রুত নেমে যায়। তাই বলা যায়, ‘A’ অঞ্চলটি বাংলাদেশের একটি প্রাচীন ভূপ্রাকৃতিক অঞ্চল, যা প্লাইস্টোসিন যুগের বরেন্দ্রভূমি।
ঘ. হ্যাঁ, চিত্রের ‘B’ (টারশিয়ারি যুগের পাহাড়) ও ‘C’ (সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি) চিহ্নিত অঞ্চলের মধ্যে জনসংখ্যার ঘনত্বের ব্যাপক তারতম্য বিদ্যমান।
‘B’ চিহ্নিত অঞ্চলটি পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ি এলাকা, যেখানে পাহাড়ি ও অসমান ভূমির কারণে মানুষের জীবনযাপন অনেক কষ্টকর। অন্যদিকে, ‘C’ অঞ্চলটি পলিমাটি সমৃদ্ধ সমতল ভূমি, যা কৃষি ও শিল্পের জন্য খুবই উপযোগী। সমতল এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এখানে বেশি মানুষ বসবাস করে।
‘B’ অঞ্চলে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে রাস্তা তৈরি করা কঠিন ও ব্যয়বহুল, তাই চলাচলও কষ্টকর এবং বড় জনবসতি গড়ে ওঠে না। এখানে কৃষি প্রধানত জুম চাষের ওপর নির্ভর করে, যা বেশি মানুষের খাদ্য জোগাতে পারে না। কিন্তু ‘C’ অঞ্চলের জমি খুব উর্বর হওয়ায় সেখানে বেশি ফসল উৎপন্ন হয় এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প গড়ে ওঠার সুযোগ বেশি থাকে। তাই সমতল অঞ্চলে জনসংখ্যা পাহাড়ি এলাকার তুলনায় অনেক বেশি।
সবশেষে বলা যায়, ভালো আবহাওয়া, সহজ যাতায়াত এবং অর্থনৈতিক সুযোগ বেশি থাকার কারণে ‘C’ সমতল অঞ্চলে মানুষের বসবাস ‘B’ পাহাড়ি অঞ্চলের তুলনায় অনেক বেশি হওয়া স্বাভাবিক।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০২৫] উদয় চাকমা বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি একটি টিলার উপরে। একদিন সে সন্ধ্যায় পড়ার টেবিলে বসে লেখাপড়া করছিল। হঠাৎ করে সে ঘরের মেঝেতে কম্পন অনুভব করে। ঘরের জানালার কাঁচ ভেঙে তার হাতের উপর পড়ে। ঘটনার আকস্মিকতায় সে কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নেমে এসে সম্মুখের ফাঁকা স্থানে আশ্রয় নেয়। পরে সে জানতে পারে ঘটনাটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ক. জল বিদ্যুৎ কী? খ. অধিক জনবসতি কীভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়? গ. উদয় চাকমার বসবাসকৃত স্থানটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা করো। ঘ. উদয় চাকমার গৃহীত কার্যক্রম উক্ত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সুবিবেচনা প্রসূত ছিল কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী বোর্ড ২০২৫] সাজু তার পিতার সাথে দেশের একটি অঞ্চলে বেড়াতে যায়, যেটি দেশের সবচেয়ে উঁচু অঞ্চল। তবে এ ধরনের ভূমিরূপের পরিমাণ তুলনামূলকভাবে কম। তার বোন সুমি একটি উঁচু ভবনে কাজ করে। কাজ করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি ও কম্পন অনুভব করলে সে ভয়ে চিৎকার করে লিফটের দিকে দৌড় দেয়। ক. প্লাইস্টোসিনকাল কী? খ. উঁচু ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করা উচিত কেন? গ. সাজু বাংলাদেশের ভূ-প্রকৃতির কোন অঞ্চলে বেড়াতে যায়? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর, উক্ত অবস্থায় সুমির কাজটি সঠিক ছিল?যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ময়মনসিংহ বোর্ড ২০২৫] বাংলাদেশের খুলনা অঞ্চলের বাসিন্দা রাহী তার বন্ধুর সাথে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে দেখল তার এলাকার সাথে ওই এলাকার ভূমি ও গাছপালার ব্যাপক পার্থক্য। ক. ‘সিসমিক রিস্ক জোন’ কাকে বলে? খ. দক্ষিণ এশিয়ার দেশসমূহে তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন? ব্যাখ্যা করো। গ. রাহীর ভ্রমণকৃত এলাকাটি কোন ভূমিরূপের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে রাহীর বসবাসকৃত ও ভ্রমণকৃত এলাকার বনভূমির গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রাজশাহী বোর্ড ২০২৪] ঘটনা-১: অনিক ও. অনন্যা দুই ভাই-বোন টেবিলের দু’পাশে বসে পড়াশোনা করছিল। হঠাৎ টেবিলটি নড়ে উঠলে একে অপরকে দোষারোপ করতে থাকে। পরক্ষণে তাদের পুরো চারতলা বাড়িটি নড়ে উঠলে, তারা আসল ঘটনাটি উপলব্ধি করে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে চেষ্টা করল। ঘটনা-২: আরমান তার বন্ধুদের সাথে শিক্ষা সফরে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায়। সেখানে সে দেখতে পেল চুনাপাথর, কয়লা প্রভৃতি আহরণ করা হচ্ছে। সে বন্ধুদের সাথে আলোচনা করে জানতে পারল বঙ্গোপসাগরের তলদেশেও এ ধরনের সম্পদ রয়েছে। ক. সিসমিক রিস্ক জোন কী? খ. পানিসম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১-এর ক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. ঘটনা-২-এ বর্ণিত সম্পদের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটুকু উন্নয়ন করতে পারে? মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [চট্টগ্রাম বোর্ড ২০২৪] ঘটনা-১: আয়ান নবম শ্রেণির, একজন শিক্ষার্থী। সে বিদ্যালয়ের স্কাউটদলের সদস্য হিসেবে স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করে। এটি ঢাকার উত্তরের একটি জেলায় অনুষ্ঠিত হয়। আয়ান লক্ষ করে সেখানকার মাটি লালচে ও ধূসর বর্ণের। ঘটনা-২ : সম্প্রতি মরক্কোর মারকেশ শহরে একটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। এ দুর্যোগটির উৎপত্তিস্থল ছিল ভূ-অভ্যন্তরে। এর ফলে অনেক ভবন ধ্বংস হয় ও বহু মানুষ মারা যায়। ক. জলবায়ু কী? খ. আমরা পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হব কেন? গ. আয়ানের স্কাউট জাম্বুরির স্থানটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলের শ্রেণিভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. “ঘটনা-২-এ উল্লিখিত দুর্যোগটি প্রতিরোধ করা সম্ভব না হলেও, এর ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব”- বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [ময়মনসিংহ বোর্ড ২০২৪] দৃশ্যপট-১: লিপি স্কুল থেকে শিক্ষাসফরে ঐতিহাসিক সোমপুর বিহারে বেড়াতে যায়। সেখানে লাল বর্ণের মাটি দেখে সে মুগ্ধ হয়। বাংলাদেশের মোট ভূমির প্রায় আট শতাংশ এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। দৃশ্যপট-২: জনাব খাদেমুল পরিবার নিয়ে এক বনে বেড়াতে গিয়ে জানতে পারলেন ওই বনের গাছগুলো সারাবছর সবুজ থাকে। তারা দেখলেন পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেলপাথর দ্বারা গঠিত। ক. টেকটনিক প্লেট কী? খ. বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে কেন? ব্যাখ্যা করো। গ. লিপির ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. জনাব খাদেমূলের দেখা অঞ্চল এবং লিপির শিক্ষাসফরের অঞ্চল দুটিতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা আছে কি? মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [ঢাকা বোর্ড ২০২৩] দৃশ্যকল্প-১ : কক্সবাজারের ছেলে সুমন তার বন্ধু রিপনের বাসায় বেড়াতে যায়। রিপনের রাসা উত্তরাঞ্চলের একটি জেলায়। এসময় সূর্যরশ্মি আমাদের দেশে তীর্যকভাবে পড়ছিল। সে অনুভব করল যে, এসময়ে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা দক্ষিণাঞ্চলের চেয়ে অনেক কম। দৃশ্যকল্প-২: একদিন বিকেলে নিলয় তার বন্ধুর সাথে পদ্মা নদীর ধারে হাঁটছিল। তারা বেশ গরম অনুভব করে। কিছুক্ষণ পরে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ক্রমে তার ঝড়ে পরিণত হয়। ক. জলবায়ু কাকে বলে? খ. কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? গ. সুমন কোন ঋতুতে রিপনের বাসায় বেড়াতে গিয়েছিল? ব্যাখ্যা করো। ঘ. “নিলয়ের ঘটনায় যে ঋতুর কথা বলা হয়েছে তা বাংলাদেশের কৃষির জন্য আশীর্বাদ” তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। |
নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
Related Posts
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১১ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর