সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় লিখে দিলাম।
Table of Contents
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায়
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] মিজান ও তাহমীদের বন্ধু তাফসীর ৮ম শ্রেণির ছাত্র। তাফসীর আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পর পর দুইবার প্রথম হয়েছে। তাহমীদ তাফসীরের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে। মিজান ইদানীং প্রায়ই স্কুলে দেরি করে আসে। বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারেন সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। ক. গণমাধ্যম কী? খ. ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো। গ. তাহমীদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো। ঘ. “মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ করা যায়”-বিশ্লেষণ করো। |
উত্তরঃ
ক. যেসব মাধ্যমের সাহায্যে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় তাই গণমাধ্যম।
খ. ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শিশু অবগত হয়। এজন্যই বলা হয়, সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হচ্ছে পরিবার।
গ. তাহমীদের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে।
সামাজিকীকরণের মাধ্যমগুলোর মধ্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে সমবয়সী বন্ধু বা সঙ্গীর প্রভাব বিশেষ। শৈশবে শিশুদের সমবয়সীদের সঙ্গে খেলা বা পড়াশোনায় খুবই আকর্ষণ থাকে। এই সময় তারা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে এবং বিভিন্ন গুণ অর্জন করে।
উদ্দীপকে দেখা যায়, মিজান ও তাহমীদের বন্ধু তাফসীর ৮ম শ্রেণিতে পড়ে। তাফসীর আন্তঃহাউজ ইনডোর দাবা প্রতিযোগিতায় দুইবার প্রথম স্থান অর্জন করে। তার উৎসাহে তাহমীদ দাবা শেখে এবং পরবর্তীতে এক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়। তাই বলা যায়, তাহমীদের মতো শিশু-কিশোরদের ভালো করার পেছনে সমবয়সীদের প্রভাব স্পষ্ট।
ঘ. মিজানের ক্ষেত্রে প্রযুক্তি তথা ইন্টারনেটের অপব্যবহার লক্ষ করা যায়।
বর্তমান তরুণ সমাজের ওপর তথ্যপ্রযুক্তি বা ইন্টারনেটের দুটি প্রভাব দেখা যায়। ইতিবাচক এবং নেতিবাচক। ইন্টারনেট দেশে বা দেশের বাইরে মানুষের যোগাযোগ অনেক সহজ করেছে। আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে কথা বলা, ব্যবসায়িক আলোচনা, অথবা যেকোনো বিষয়ে জ্ঞান নেওয়ার জন্য ইন্টারনেট খুব কাজে লাগে। তবে ইন্টারনেট বেশি ব্যবহার করলে নেতিবাচক প্রভাবও পড়ে; উদাহরণ হিসেবে আমরা উদ্দীপকের মিজানের ক্ষেত্রে এটি দেখতে পাই।
মিজান ইন্টারনেট শিক্ষামূলক কাজে ব্যবহার করে না। রাত জেগে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এতে তার অনেক সময় নষ্ট হয়, পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির কাজও ঠিকমতো করতে পারে না।
অতএব বলা যায়, মিজান প্রযুক্তির অপব্যবহার করেছে, যার নেতিবাচক প্রভাব তার পড়াশোনার ওপর পড়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট (স্থপতি)। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন। তার ৫ বছরের মেয়ে লিনোরা তার দেখাদেখি কাগজ পেনসিল নিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলো দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন- তোমাকে এবার গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাব। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাত ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখায়। ক. সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কী? খ. নিজের ধ্যান-ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। গ. লিনোরার ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। ঘ. লিনোরা ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হলো পরিবার।
খ. নিজের ধ্যান-ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলে।
অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে জ্ঞানের পরিপক্কতা না থাকায় তারা সহজেই অভিভাবিত হয়ে যায়।
গ. লিনোরার ছবি আঁকায় সামাজিকীকরণের অন্যতম উপাদান অনুকরণের প্রভাব লক্ষ করা যায়।
যখন একজন ব্যক্তি অন্য কারো কাজ বা আচরণ হুবহু নকল করে, তাকে অনুকরণ বলা হয়। শিশুরা সাধারণত বড়দের অনুকরণ করে। এর মাধ্যমে তারা বড়দের কাছ থেকে ভাষা, উচ্চারণ ও কথা বলার ধরন শিখে। অনেক সময় বড়রাও নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনুকরণ করে। যেমন শিক্ষা, ব্যবসা বা চাকরির কাজে বড়রা নতুন পরিবেশে আসলে অনুকরণের মাধ্যমে নিজেকে মানিয়ে নেয়।
উদ্দীপকে দেখা যায়, শাহেদ সাহেব একটি বাড়ির নকশা করছিলেন। তা দেখে তার মেয়ে লিনোরা পেন্সিল নিয়ে কাগজে ছোটো ছোটো ঘর আঁকতে শুরু করে। অর্থাৎ সে শাহেদ সাহেবকে দেখে ছবি আঁকছে। এটি সামাজিকীকরণের অনুকরণ উপাদানের সাথে মিলে, কারণ অন্যের কাজ বা আচরণ নকল করাই অনুকরণ। তাই বলা যায়, লিনোরার ছবি আঁকায় অনুকরণ উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়।
ঘ. হ্যাঁ, লিনোরা ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় পার্থক্য আছে।
উদ্দীপকের লিনোরা শহরে মা-বাবার সঙ্গে থাকে। তাই সে শহরের সামাজিকীকরণের মধ্যে পড়ে। আর তার চাচাতো ভাই সোহেল গ্রামে থাকে, তাই সে গ্রামীণ সামাজিকীকরণের অংশ। শহরের সামাজিকীকরণে শিশুর প্রথম মাধ্যম হলো পরিবার। কিন্তু শহরের অনেক বাবা-মা চাকরিজীবী হওয়ার কারণে সন্তানকে যথেষ্ট সময় দিতে পারে না। তাই শিশুর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও শ্রদ্ধার শিক্ষা কম হয়।
গ্রামীণ সামাজিকীকরণে শিশু পরিবারসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে বেড়ে ওঠে। ফলে সে সহজে সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ শেখে। শহরের সামাজিকীকরণে পরিবারের পর শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রভাব বেশি থাকে। এছাড়া কর্মক্ষেত্র, বিনোদন ও ধর্মীয় প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ। গ্রামীণ সামাজিকীকরণে পরিবারের পাশাপাশি পাড়া-প্রতিবেশী, জ্ঞাতি গোষ্ঠী, সমবয়সী বন্ধু ও খেলার সাথি, এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপরের আলোচনা শেষে বলা যায়, লিনোরা ও সোহেলের জীবনের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ১৯] সবুজের মা সবুজকে বললেন, ‘তুমি প্রতিদিন টিভিতে একটি চ্যানেলে রাত ৯টায় খবর পাঠের অনুষ্ঠান দেখ। অনুষ্ঠানটি নিয়মিত দেখে পাঠক-পাঠিকার মতোই সুন্দর করে কথা বলতে শিখেছ।’ মা সবুজকে আরও বললেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে, সময়মত পড়তে বসবে। নিয়মিত বিকালে তোমার বয়সের ভালো ছেলেদের’ সাথে মাঠে খেলাধুলা করবে।’ ক. ‘ই-কমার্স এর পূর্ণরূপ কী? খ. যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ কেন? গ. মায়ের প্রথম উক্তিটিতে সামাজিকীকরণের কোন মাধ্যমটির ভূমিকা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. সবুজের সামাজিকীকরণে মায়ের শেষোক্ত বক্তব্য দ্বারা নির্দেশিত মাধ্যমটিই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? যুক্তিসহ উত্তর দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ১৯] দাদু ও নাতির কথোপকথন: দাদু; তুমি কি খবরের কাগজ পড়? নাতি: খবরের কাগজ কিনে পড়ি না, তবে মোবাইলে খবর পড়ি। দাদু: আমি নিয়মিত খবরের কাগজ পড়ি এবং টেলিভিশনে পুরোনো দিনের সিনেমা সুযোগ পেলেই দেখি। নাতি: মোবাইল ও ল্যাপটপে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আমরা সিনেমা দেখা, কথা বলাসহ অনেক কাজ করতে পারি। ক. সামাজিকীকরণ প্রক্রিয়া কী? খ. ভাষা কেন সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের নাতির কথায় সামাজিকীকরণের কোন মাধ্যমের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. “দাদুর কথায় সামাজিকীকরণের যে মাধ্যমের চিত্র ফুটে উঠেছে তা ক্রমেই গুরুত্ব হারাচ্ছে” তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [দি.বো. ১৯] সোমা ও নিলয় চাচাতো ভাই-বোন। সোমা গ্রামে বাবা-মা ও দাদা-দাদির সাথে থাকে। সে পড়াশোনায় বারা-মায়ের সাহায্য নেয়। অবসরে দাদা-দাদির সাথে বেড়াতে যায়। অপরদিকে, নিলয় ঢাকায় থাকে। নিলয় ইন্টারনেটের ব্যবহার জানে। নিলয় ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়ায় সুবিধা অর্জন করতে সক্ষম হলেও ইদানীং ফেসবুকে অতিরিক্ত সময়-ব্যয় করে। গত বার্ষিক পরীক্ষায় সে যথেষ্ট খারাপ ফল করেছে। ক. অনুকরণ কাকে বলে? খ. সামাজিকীকরণের কোন মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়? ব্যাখ্যা করো। গ. সোমার সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘ. নিলয়ের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [কু, বো, ১৯] শিমুলের বয়স চার বছর। যৌথ পরিবারে অন্যদের মধ্যে সে বেড়ে ওঠে। বড়দের মতো আচার-আচরণ রপ্ত করে। পরিবারের সবাই তার আচরণ নিয়ে গর্বিত। অন্যদিকে, শিমুলের কলেজপড়ুয়া চাচাতো ভাই পলাশ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করে। একদিন পলাশ জানায় সে কানাডায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছে। ক. ই-মেইল কী? খ. বাংলাদেশে গ্রাম এবং শহরের সামাজিকীকরণের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় কেন? গ. শিমুলের সামাজিকীকরণের ক্ষেত্রে কোন উপাদানটি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর, পলাশের ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়া ভূমিকা রেখেছে? মতের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [চ.বো ১৯] পারিবারিক কলহের জেরে রিয়াকে মায়ের কাছে আর সুমনকে বাবার কাছে থাকতে হয়। রিয়া পড়ালেখার পাশাপাশি মায়ের নাট্য সংগঠনে অভিনয় শেখে। নৃত্যেও সে খুব পারদর্শী। কিন্তু সুমনকে প্রায়ই একাকী থাকতে হয়। মোবাইল ও কম্পিউটারেই তার সময় কাটে। ক. অনুকরণ কাকে বলে? খ. “আধুনিক যুগে বিশ্বায়নের প্রভাব ছাড়া সামাজিকীকরণ অসম্ভব”- ব্যাখ্যা করো। গ. রিয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোনো প্রতিষ্ঠানের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ঘ. সুমনের সামাজিকীকরণে যে মাধ্যমটি কাজ করছে তার ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [য. বো. ১৯] অষ্টম শ্রেণির ছাত্র আবির লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে স্কুলের পাশাপাশি স্থানীয় একটি সংগঠনে ভর্তি করে দেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার মেধার বিকাশ ঘটে। অন্যদিকে তার সহপাঠী কবির প্রায়ই দেরি করে স্কুলে আসে। শ্রেণি কার্যক্রমে সে ঠিকমত অংশগ্রহণ করে না। শ্রেণিশিক্ষক কবিরের মায়ের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। ক. ই-কমার্স কাকে বলে? খ. টেলিভিশনকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বলা হয় কেন? গ. আবিরের মেধা বিকাশে কোন প্রতিষ্ঠানের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ঘ. কবিরের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ করা যায় তার অপব্যবহার ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে-বিশ্লেষণ করো। |
নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় পিডিএফ
আরও পড়ুনঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর